আ.লীগের বিদ্রোহী প্রার্থী হচ্ছেন মনোনয়নবঞ্চিত লিয়াকত
বিরামপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য অবশেষে নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র তুলেছেন দলীয় মনোনয়নবঞ্চিত পৌর আওয়ামী লীগের সদস্য লিয়াকত আলী সরকার। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে লিয়াকত আলী এই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানান বিরামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আতাউল হক।
লিয়াকত আলী মুঠোফোনে প্রথম আলোর কাছে অভিযোগ করেন, জেলা আওয়ামী লীগ কৌশলে তাঁকে মনোনয়নবঞ্চিত করে জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আক্কাস আলীর নাম কেন্দ্রে পাঠায়। ফলে, কেন্দ্র আক্কাস আলীকে মনোনয়ন দেয়। বিগত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনি পৌর এলাকার ভোটকেন্দ্রগুলো থেকে উল্লেখযোগ্য পরিমাণ ভোট পেয়েছিলেন। নিজের গ্রহণযোগ্যতা প্রমাণ করতেই এ পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি। সমর্থক, নেতা-কর্মী ও ভক্তদের সঙ্গে পরামর্শ করেই নির্বাচন করার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানান লিয়াকত আলী।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলতাফুজ্জামান মিতা বলেন, জেলায় তৃণমূলের নেতা-কর্মীদের ডেকে সবার সিদ্ধান্ত কেন্দ্রে পাঠানো হয়েছিল। কেন্দ্রীয় নেতারা সব তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দিলে দলীয় সভানেত্রী শেখ হাসিনা এ মনোনয়ন দেন। এ নিয়ে যাঁরা বিতর্ক তৈরি করছেন, তাঁরা দলের শত্রু।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশফিকুর রহমান বলেন, লিয়াকত আলী সরকার উপজেলা পরিষদ নির্বাচনেও দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন। তবু ওই নির্বাচনে দলীয় প্রার্থীই বিজয়ী হয়েছিলেন। লিয়াকত আলীর সঙ্গে দলের কেউ নেই। দলের সবাই আক্কাস আলীর পাশে। নির্বাচনে আক্কাস আলীই বিজয়ী হবেন বলে তিনি মত প্রকাশ করেন।
এদিকে হাকিমপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামিল হোসেন। মনোনয়নবঞ্চিত সাবেক মেয়র কামাল হোসেন বলেন, যাঁকে দিলে দলীয় প্রার্থী বিজয়ী হবেন, দল তাঁকেই বেছে নিয়েছে। এতে তাঁর কোনো অভিযোগ নেই। তিনি দলীয় প্রার্থীর হয়ে কাজ করবেন বলে জানান।