আ.লীগের বিদ্রোহী প্রার্থী মহিতুলের প্রার্থিতা বৈধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ-৪ (ইটনা-অষ্টগ্রাম-মিঠামইন) সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সৈয়দ মহিতুল ইসলামের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। মহিতুলের করা আপিলের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এই ঘোষণা দিয়েছে। মহিতুল অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক। এর আগে ওই আসনে রাষ্ট্রপতি আবদুল হামিদের ছেলে ও ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী রেজওয়ান আহম্মদকে একমাত্র বৈধ প্রার্থী ঘোষণা করা হয়েছিল।জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ৬ জুন রিটার্নিং কর্মকর্তা মো. জাহিদ হোসেনের কার্যালয়ে এ আসনে তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। ৯ জুন মনোনয়নপত্র বাছাই করা হয়। এতে শুধু রেজওয়ান আহম্মদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। অন্য দুজনের মনোনয়নপত্র বাতিল হয়। পরে মহিতুল তাঁর মনোনয়নপত্র বেআইনিভাবে বাতিল করা হয়েছে বলে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেন। এ অভিযোগ আমলে নেওয়া হয়নি। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ঢাকায় নির্বাচন কমিশন কার্যালয়ে ১০ জুন আপিল করেন তিনি। ১৩ জুন বিকেলে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদ ও অপর চার কমিশনারের উপস্থিতিতে আপিল শুনানি শেষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মহিতুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।