টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমানুর রহমান খানের সমর্থক যুবলীগ-ছাত্রলীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ঘাটাইল উপজেলার দুটি গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীরা হলেন জেলা যুবলীগের সদস্য আবদুর রউফ (৩৩), ঘাটাইলের লোকেরপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম (৩২), ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন (২৬) ও ফুলহারা গ্রামের মো. রানা (২৬)। এর মধ্যে শহিদুল ও মোশারফ প্রার্থী আমানুরের লোকেরপাড়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য।ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহিদুল ইসলামের সমর্থক সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান তালুকদার ও তাঁর সহযোগী মো. শামীমের (৩৩) ওপর হামলা হয়। ওই ঘটনায় ঘাটাইল থানায় নয়জনকে আসামি করে মামলা করেন শাহজাহান। বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ মামলার দুই আসামি শহিদুল ও মোশারফকে লোকেরপাড়া গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে। এসআই মিজান আরও বলেন, রাত দুইটার দিকে উপজেলার পাকুটিয়া গ্রামের একটি হিন্দুবাড়ির পাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় আবদুর রউফ ও রানাকে আটক করা হয়। তাঁদের দুজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। চারজনকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এ ব্যাপারে বিদ্রোহী প্রার্থী ও জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আমানুর রহমান খান বলেন, ‘হয়রানি করার উদ্দেশ্যে মিথ্যা মামলা করে ও সন্দেহভাজন হিসেবে আমার চার কর্মীকে আটক করা হয়েছে।’ভোটাররা আমানুরকে বহিষ্কার করবে: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ‘আমানুর রহমান খানকে দল থেকে বহিষ্কার করার প্রয়োজন নেই। ঘাটাইলের ভোটাররা ভোটের মাধ্যমে তাঁকে বহিষ্কার করবেন। আর যাঁরা নৌকার বাইরে থাকেন তাঁরা এমনিতেই দল থেকে বহিষ্কার হয়ে যান।’ঘাটাইলের ধলাপাড়া বালিকা বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সমাবেশে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহিদুল ইসলামের কর্মীরা আমানুরকে বহিষ্কারের দাবি জানালে শেখ ফজলুল করিম এ কথা বলেন। গতকাল বিকেলের ওই সমাবেশ থেকে ঘাটাইল উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। ধলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাংসদ একাব্বর হোসেন ও শওকত মোমেন শাহজাহান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, প্রার্থী শহিদুল ইসলাম, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রমুখ।টাঙ্গাইল-৩ আসনে আওয়ামী লীগের সাংসদ মতিউর রহমানের মৃত্যুতে গত ৮ অক্টোবর নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে। নির্বাচনে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৮ নভেম্বর এ আসনে ভোট নেওয়া হবে।