সৈয়দ মোহাম্মদ শাহজাহানের সঙ্গে দেখা হলো ইটনা উপজেলা বিএনপির কার্যালয়ে। তিনি কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সৈয়দ মহিতুল ইসলামের চাচা। তাঁকে ঘিরে বসেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের দ্বিতীয় ও তৃতীয় সারির নেতা-কর্মীরা।
‘আপনি এখানে’—এ প্রশ্নের জবাবে সদ্য কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য পদত্যাগ করা শাহজাহান বলেন, ‘ভাতিজার জন্য ভোট চাইতে এসেছি।’ সেখানে উপস্থিত উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম কামাল হোসেন বলেন, ‘ভোট চাইতে যে কেউ আসতে পারেন। যেহেতু বিএনপির কোনো প্রার্থী নেই এবং আমরা এলাকার ভোটার, চাইলে আওয়ামী লীগের প্রার্থীও ভোট চাইতে আসতে পারেন।’
‘বিএনপি কি নির্বাচন বর্জন করেনি?’ এর জবাবে ইটনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদ হোসেন বলেন, ‘নির্বাচন বর্জন করে প্রার্থী দেয়নি। তাই বলে আমরা কাউকে ভোট দিলে তো দল নিষেধ করবে না।’ আজাদ হোসেন আরও বলেন, ‘আসলে আমাদের অনেকেই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন। তাই আমরা নির্বাচনের দিন কাজ করার জন্য কিছু সৎ ও সাহসী পোলিং এজেন্ট ঠিক করে দিচ্ছি।’ জানা গেছে, বিএনপির অনেক নেতা মহিতুলের পক্ষে প্রচারণাও চালাচ্ছেন। আবদুল হামিদ স্পিকার থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর কিশোরগঞ্জ-৪ আসনটি শূন্য হয়। এ উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে রয়ে যান অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ মহিতুল ইসলাম। এ আসনের সাতবারের সাংসদ আবদুল হামিদের ছেলে রেজওয়ানের বিরুদ্ধে শুরুতে মহিতুলকে দুর্বল প্রতিপক্ষ মনে করা হলেও ক্রমে সে ধারণা বদলে যাচ্ছে। সৈয়দ শাহজাহান ইটনা বিএনপির কার্যালয়ে সভা করেন গত মঙ্গলবার। ইটনায় বিএনপির অনেক নেতা-কর্মীর মহিতুলের পক্ষে কাজ করার খবরকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন রেজওয়ান। সোমবার থেকে তিনি ইটনায় অবস্থান করছেন। গতকাল বৃহস্পতিবার সকালে রেজওয়ানের সঙ্গে আলাপ হয় ইটনা দেওয়ানবাড়িতে। তিনি বলেন, বিএনপি তিন উপজেলাতেই মাঠে নেমেছে, তবে ইটনায় প্রকাশ্যে। ইটনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমানের কথায় উঠে এল আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতির পাশাপাশি হাওরের দুই নেতা আবদুল হামিদ এবং সাবেক আওয়ামী লীগ নেতা ও বর্তমানে জেলা বিএনপির সভাপতি ফজলুর রহমানের বিরোধের ইতিবৃত্ত। তাঁর মতে, হাওরাঞ্চল আসলে আওয়ামী লীগের দুর্গ। বিএনপিতে যাঁরা নেতৃত্ব দিচ্ছেন, তাঁরাও ফজলুর রহমানের মতো আওয়ামী লীগ ছেড়ে যাওয়া। ফজলুর রহমানের এলাকাও কিশোরগঞ্জ-৪। আওয়ামী লীগ থেকে এ আসনে বারবার মনোনয়ন চেয়ে না পেয়ে ক্ষোভে তিনি আওয়ামী লীগ ছাড়েন এবং ১৯৯৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করে মাত্র দুই হাজার ভোটের ব্যবধানে আবদুল হামিদের কাছে পরাজিত হন। ২০০১ সালে কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ থেকে নির্বাচন করে প্রায় ৩০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন। ২০০৮ সালের নির্বাচনের আগে ফজলুর রহমান বিএনপিতে যোগ দেন। ওই নির্বাচনে আবদুল হামিদ এক লাখ ১৫ হাজার ৩৮১ ভোট এবং ফজলু ৯২ হাজার ৫২ ভোট পান।
এলাকাবাসীর ধারণা, ফজলুর রহমানের সবুজ সংকেত পেয়ে বিএনপির কর্মীরা ধীরে ধীরে নির্বাচনে যুক্ত হচ্ছেন। তবে বিএনপির নেতা-কর্মীদের কোনোরকম সংকেত দেওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেছেন।
ফজলুর রহমান টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে ব্যস্ত আছি। তাই উপনির্বাচনে কী হচ্ছে তা ভালো জানি না। শুনেছি বিএনপির নেতা-কর্মীদের কেউ কেউ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছেন। বর্ষায় হাওরে লোকজনের কোনো কাজকর্ম থাকে না। এর মধ্যে হঠাৎ নির্বাচন মানুষের মনে উৎসবের আমেজ নিয়ে এসেছে। আমার লোকজন যাঁরা মাঠে নেমে পড়েছেন, তাঁদের তো আর আমি নৌকার ভোট করতে বলতে পারব না।’