আ.লীগের বিদ্রোহী প্রার্থীর প্রচারে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের চৌগাছা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এস এম সাইফুর রহমানের পক্ষে প্রচারের সময় তাঁর সমর্থকদের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় একজন গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার দুপুরে পৌর এলাকার নিরিবিলিপাড়ায় এই হামলার ঘটনা ঘটে।

আহত নারায়নপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলামকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বেলা ১১টার দিকে চৌগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমানের নেতৃত্বে আমার সমর্থকেরা নিরিবিলিপাড়ায় প্রচার গেলে আওয়ামী লীগের প্রার্থী নূর উদ্দীন আল মামুনের অনুসারীরা অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা করে। এ সময় শহিদুলসহ কয়েকজনকে পিটিয়ে আহত করা হয়। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।’

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে আওয়ামী লীগের প্রার্থী নূর উদ্দীন আল মামুন বলেন, নিরিবিলিপাড়ায় স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী সাইফুরের লোকজন টাকা দিয়ে ভোট কিনতে গেলে আওয়ামী লীগের কর্মীরা সেখানে গিয়ে বাধা দেয়। এ সময় কথা-কাটাকাটি হয়। পরে মারামারি ঘটনা ঘটতে পারে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, ‘মারামারির খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। হামলাকারীদের কাউকে পাওয়া যায়নি। শুনেছি একজন আহত হয়েছেন। এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।’