আ.লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের ওপর হামলা
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনাঘাট এলাকায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করে ভাঙচুর ও লুটপাট চালিয়েছেন আওয়ামী লীগের সমর্থকেরা। এতে বিদ্রোহী প্রার্থীর ১৫ জন সমর্থক আহত হয়েছেন।
আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে। ওই ঘটনায় মেঘনা ঘাট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সোমবার বেলা দুইটার দিকে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মোশারফ হোসেনের সমর্থকেরা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাহফুজ কালামের সমর্থকদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালান। এ সময় হামলাকারীরা একটি বেসরকারি ব্যাংকের গাড়িসহ সাতটি গাড়িতে অগ্নিসংযোগ করেন।
এর আগে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মোশারফ হোসেন আজ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনাঘাট এলাকায় বেলা একটার দিকে নির্বাচনী গণসংযোগ করেন। এ সময় তাঁর পেছনে থাকা মিছিল থেকে আওয়ামী লীগ ও যুবলীগের শতাধিক ক্যাডার দেশি-বিদেশি অস্ত্রসহ আকস্মিক মাহফুজ কালামের সমর্থকদের ওপর হামলা করেন। তাঁরা প্রথমে স্থানীয় পিরোজপুর ইউনিয়নের সাবেক সদস্য আলী আকবরের স্ত্রীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাঙালিভোজের অনুষ্ঠানে অতর্কিতভাবে বোমা হামলা চালান। পরে ওই অনুষ্ঠান পণ্ড করে দিয়ে একে একে পিটিয়ে ও কুপিয়ে মাহফুজ কালামের সমর্থক সাবেক দুই ইউপি সদস্য নাছিরউদ্দিন ও আলী আকবর এবং মনির হোসেন, খালেক মিয়া, সুমন হোসেন, মনির প্রধান, শাহজাহান, জহিরুল ইসলামসহ ১৫ জনের ওপর হামলা করেন। এ সময় মাহফুজ কালামের সমর্থকদের ছয়টি মোটরসাইকেল ও বেসরকারি প্রিমিয়ার ব্যাংকের একটি গাড়ি পুড়িয়ে দেন তাঁরা। এ সময় আওয়ামী লীগের ক্যাডাররা মাহফুজ কালামের সমর্থকদের ২০টি দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করে ভাঙচুর ও লুটপাট চালান।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাহফুজ কালাম জানান, ‘চেয়ারম্যান পদপ্রার্থী মোশারফ হোসেনের উপস্থিতিতে তাঁর নির্দেশে আমার সমর্থকদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনার নেতৃত্ব দেন মোশারফ হোসেনের সমর্থক ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান। হামলাকারীদের মধ্যে ছিলেন যুবলীগ কর্মী সাহিদ হোসেন আলামিন ও কামাল হোসেনসহ শতাধিক ক্যাডার।’
আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মোশারফ হোসেন জানান, এ ঘটনার সঙ্গে তিনি জড়িত নন।
নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার জীবন কান্তি সরকার প্রথম আলোকে ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।