আ.লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মারধর
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী শফিউল আযম লেনিনের তিন সমর্থককে মারধর করা হয়েছে। তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আনিছুজ্জামান ও সাংসদ জগলুল হায়দারের লোকজন ওই ঘটনা ঘটান বলে অভিযোগ করেছেন শফিউল।
শফিউল অভিযোগ করেন, উপজেলার নকিপুর গ্রামের মুজিবর রহমান গাজী (৪৫) ও তাঁর ছোট ভাই হাফিজুর রহমান গাজী (৩০) নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গতকাল তাঁর নির্বাচনী ব্যানার টানাচ্ছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজন মুজিবরকে মারধর করেন এবং তাঁর ভাই হাফিজুরকে একটি বাড়িতে আটকে রাখেন। পরে মুজিবর গিয়ে হাফিজুরকে উদ্ধার করেন।
উপজেলা ছাত্রদলের সভাপতি শেখ তবিবুর রহমান ওরফে নাজমুল জানান, তিনি নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে কাজ করেছেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে গেলে আনিছুজ্জামান ও সাংসদ জগলুলের লোকজন তাঁকে মারধর করেন। একপর্যায়ে তিনি পাশের একটি বাড়িতে আশ্রয় নিলে সেখানে তাঁর গলায় রশি পেঁচিয়ে হত্যার চেষ্টা করেন। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করেন।
এ ব্যাপারে স্থানীয় সাংসদ স ম জগলুল হায়দার জানান, শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। তিনি নেতা-কর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়েছেন।