আ.লীগের বিদ্রোহী প্রার্থীসহ ৯০০ জনকে আসামি করে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ায় নির্বাচন-পরবর্তী সহিংস ঘটনায় পুলিশ আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র পদপ্রার্থী বদিউল আলমসহ ৯০ জনের নাম উল্লেখপূর্বক ৮০০-৯০০ জনকে আসামি করে গতকাল বুধবার থানায় একটি মামলা করেছে। পুলিশের উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগ আনা হয়। নির্বাচনের পর গত মঙ্গলবার রাতে বদিউলের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় মামলার বাদী এসআই আলাউদ্দিনও আহত হন। এ ঘটনায় বদিউলসহ আটজনকে গ্রেপ্তার করা হয়। গতকাল তাঁদের আদালতে সোপর্দ করা হলে বিচারক জেলহাজাতে পাঠানোর নির্দেশ দেন।বদিউল ছাড়া গ্রেপ্তার হওয়া অন্য সাতজন হলেন: আবদুল্লাহ আল নোমান, মোরশেদ, শফিউল আলম, ওয়াজেদ, সাদেক, আলমগীর, আরব মিয়া ও আবদুর রহমান। মঙ্গলবার পটিয়া পৌরসভায় একটি কেন্দ্রের ভোট গণনার সময় রাত নয়টার দিকে বদিউলের সমর্থকেরা কেন্দ্রটি ঘেরাও করে রাখেন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। তাঁরা রাত তিনটা পর্যন্ত পাঁচ ঘণ্টা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে রাখেন। সংঘর্ষে একজন বিজিবির সদস্য মো. সুলতান আলী খানসহ ১০-১২ পুলিশ সদস্য আহত হন। সুলতানকে হাসপতালে ভর্তি করা হয়েছে। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আলম বলেন, সংঘর্ষ থামাতে পুলিশ ব্যাপক কাঁদানে গ্যাস ও শর্টগানের ১২০টি গুলি ছোড়ে।