আ.লীগের বিদ্রোহীকে দল থেকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগঞ্জ উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এদিকে সাবেক সাংসদ নূর মোহাম্মদ মণ্ডল এবার বিএনপিসমর্থিত প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচনে আওয়ামী লীগের দুজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আওয়ামী লীগের প্রার্থীরা হলেন দলের জেলা সহসভাপতি এ কে এম ছায়াদত হোসেন ওরফে বকুল ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মেশকোয়ারা হাবিব ওরফে মুক্তি। এদিকে দলের দুজন নেতা নির্বাচনে প্রার্থী হওয়ায় ২ ফেব্রুয়ারি উপজেলা আওয়ামী লীগের এক বৈঠকে ছায়াদত হোসেনকে সমর্থন দেওয়া হয়। সেই সঙ্গে দলের আদেশ অমান্য করায় মেশকোয়ারা হাবিবকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। পরে ৭ ফেব্রুয়ারি জেলা কমিটি বৈঠকে বসে উপজেলা কমিটির সিদ্ধান্ত বহাল রাখে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, দলীয় নির্বাচন না হলেও এখানে একক প্রার্থীর জন্য চেষ্টা চালানো হয়েছে। দলের সিদ্ধান্ত অনুযায়ী সরে দাঁড়ানোর জন্য আহ্বান করা হলেও একজন তা মানতে রাজি হননি। এ কারণে ওই বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মেশকোয়ারা হাবিব বলেন, ‘এটি দলীয় নির্বাচন নয়। এ ছাড়াও দীর্ঘদিন থেকে দলের হয়ে কাজ করে আসছি। আর তাই নির্বাচন থেকে সরে দাঁড়াইনি।’
নূর মোহাম্মদ মণ্ডল ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হয়ে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে পরাজিত করে সাংসদ নির্বাচিত হন। ২০০৮ সালে জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগদান করে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন।
নূর মোহাম্মদ মণ্ডল বলেন, ‘রাজনীতি করতেই নির্বাচনে প্রার্থী হয়েছি।’ ২৪ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় পীরগঞ্জ উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে।