আ.লীগের বিদ্রোহীসহ তিন মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের ১ জন বিদ্রোহী প্রার্থীসহ ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এ ছাড়া ১৬ জন ওয়ার্ড কাউন্সিলরের মনোনয়নপত্র বাতিল করা হয়।
গত বুধবার বাছাইকালে ৩ মেয়র এবং ১৬ জন ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করার বিষয়টি গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাচন কার্যালয়ের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়।
এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা মনির হোসেন জানান, ঋণ থাকায় প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। যে ৩ জন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে, তাঁরা হলেন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আমান উদ্দিন, জাসদের শমসের আলম ও স্বতন্ত্র বদরুল হক।
মনোনয়নপত্র বাতিল হওয়ায় নির্বাচনে মেয়র পদে প্রার্থীসংখ্যা এখন ৯ জন। এঁরা হলেন আওয়ামী লীগের আবদুস শুকুর, বিএনপির আবু নাসের, আওয়ামী লীগের বিদ্রোহী মো. জাকির হোসেন ও আবুল কাশেম, জাতীয় পার্টির (জাপা) সাহেদ আহমদ, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা শামীম আহমদ, পৌর জামায়াতের সাবেক আমির মাওলানা জমির হোসাইন, পৌরসভার বর্তমান প্রশাসক তফজ্জুল হোসেন ও পৌরসভায় অন্তর্ভুক্ত সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদ আহমদ। এ ছাড়া ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থীসংখ্যা দাঁড়াল ৬৫।
নির্বাচন কমিশন থেকে ঘোষিত তফসিল অনুযায়ী ২৫ এপ্রিল পৌর নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নির্বাচনী এলাকার বিয়ানীবাজার পৌরসভা ২০০০ সালে তাঁর প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়। পৌরসভাভুক্ত দুটি ইউনিয়নের সীমানাসংক্রান্ত জটিলতায় উচ্চ আদালতে মামলা থাকায় একটানা প্রায় ১৬ বছর নির্বাচন হয়নি। মামলা নিষ্পত্তি হওয়ায় ১৪ মার্চ নির্বাচন কমিশন পৌরসভার প্রথম নির্বাচনের তফসিল ঘোষণা করে।