আ.লীগের বিরুদ্ধে আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্রোহী প্রার্থী তো আছেনই। যাঁরা দলের মনোনয়ন পেয়ে নৌকা মার্কা নিয়ে নির্বাচন করছেন, তাঁদেরও অনেকে অন্য ইউনিয়নে গিয়ে নৌকা মার্কার প্রার্থীর বিরোধিতা করছেন।
নাসিরনগর থেকে এই ধারার সূচনা। প্রার্থী মনোনয়ন নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের সঙ্গে জেলা আওয়ামী লীগের দ্বন্দ্বই এর মূলে। পরে তা জেলার অন্যত্রও ছড়িয়েছে।
জেলা ও সংশ্লিষ্ট উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা প্রথম আলোকে বলেন, এই অবস্থার কারণে দলের বিদ্রোহী ও কোনো কোনো ইউপিতে অন্যান্য দলের প্রার্থীরা সুবিধা পাবেন। তবে চেয়ারম্যান পদে নৌকা মার্কার প্রার্থীরাই নিরঙ্কুশভাবে জিতবেন বলে তাঁরা আশাবাদী। ব্রাহ্মণবাড়িয়ার চার উপজেলার যে ৩২টি ইউপির নির্বাচন আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে, তার প্রায় সবগুলোতে আওয়ামী লীগের এই অবস্থা।
নির্বাচনকে কেন্দ্র করে এখানে সহিংসতারও আশঙ্কা করছে সাধারণ মানুষ। ইতিমধ্যে কোনো কোনো এলাকায় সংখ্যালঘুদের ভয়ভীতি দেখানোর ঘটনাও ঘটেছে। গতকাল নবীনগরে ঝুড়িভরা ককটেল উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার রাতে একজন প্রার্থীর ওপর ককটেল হামলা হয়েছে। ফলে আজ নির্বাচনের দিন সহিংসতার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না কেউই।
প্রশাসনের বিবেচনায় চার উপজেলার মোট ৩২টি ইউনিয়নের ৩২১ কেন্দ্রের মধ্যে ২১২টিই ঝুঁকিপূর্ণ। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ থাকবে ১ হাজার ৬৬৬ জন। এ ছাড়া ৩২টি স্ট্রাইকিং ফোর্স ও ৩২টি ভ্রাম্যমাণ দলসহ বিজিবি ও র্যা ব সদস্যরা দায়িত্ব পালন করবেন।
নাসিরনগর: উপজেলার ১৩ ইউপিতেই চেয়ারম্যান প্রার্থী মনোনয়নে স্থানীয় সাংসদ এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক জেলা আওয়ামী লীগকে উপেক্ষা করেন। পরে জেলা আওয়ামী লীগের বিরোধিতায় কেন্দ্র থেকে দুজন প্রার্থী বদলে দেওয়া হয়। এখন এই দুজনের বিরোধিতা করছেন মন্ত্রী মনোনীত ১১ জন প্রার্থী এবং সংশ্লিষ্ট ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগ। আবার এই দুই প্রার্থী বিরোধিতা করছেন ওই ১১ জনের। যদিও তাঁরা সবাই নৌকা মার্কারই।
জেলা আওয়ামী লীগ মনোনীত দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন গুনিয়াউক ও হরিপুর ইউপিতে। গুনিয়াউক ইউপির চেয়ারম্যান প্রার্থী গোলাম সামদানি বলেন, মন্ত্রীর নির্দেশে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের লোকজন নির্বাচনী প্রচারে তাঁদের কোনো সহযোগিতা করেননি। পুলিশের কোনো সহযোগিতাও তাঁরা পাননি।
সরাইল: সংঘাতপ্রবণ হিসেবে পরিচিত এই উপজেলার নয়টি ইউপিতে আজ নির্বাচন ঘিরে সংঘাতের আশঙ্কা করছেন অনেকে। এখানে প্রার্থী মনোনয়নের সময় থেকেই আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে রেষারেষি সৃষ্টি হয়, যা এখনো অব্যাহত আছে। তবে আটটি ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীও আছেন ১১ জন। স্থানীয় সাংসদ জিয়াউল হক মৃধা জাতীয় পার্টির হওয়ায় দলটির প্রার্থীরা সুবিধাজনক অবস্থানে রয়েছেন বলে স্থানীয় লোকজন মনে করছেন।
নবীনগর: বৃহস্পতিবার রাতে বড়াইল ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী জকির হোসেনের প্রতীক পুড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে তাঁর বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জকির হোসেন অভিযোগ করেন, জাসদের প্রার্থী দেলোয়ার হোসেন ও বিএনপির প্রার্থী আবুল বাশারের কর্মী-সমর্থকেরা এ হামলা চালিয়েছেন। মুঠোফোন বন্ধ থাকায় এ বিষয়ে দেলোয়ার হোসেনের সঙ্গে কথা বলা যায়নি। আবুল বাশার বলেন, ‘অভিযোগটি সম্পূর্ণ বানোয়াট। তৃণমূল ভোটারদের সঙ্গে আওয়ামী লীগ প্রার্থীর কোনো যোগাযোগ নেই। নির্বাচনে ফেল করবে বলে তিনি মাঠে এমন অপবাদ ছড়াচ্ছেন।’
উপজেলার নয় ইউপিতে আওয়ামী লীগের ১৭ জন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। তাঁরাই দলীয় প্রার্থীদের জয়-পরাজয়ে নির্ধারক হয়ে উঠতে পারেন। এ ছাড়া প্রথম ধাপে স্থগিত হওয়া বাঞ্ছারামপুর উপজেলার একটি ইউপিতে আজ ভোট হচ্ছে। এখানকার ১০টি কেন্দ্রের ১০টিই ঝুঁকিপূর্ণ।