তিনজন গানম্যান পেয়েও নিরাপত্তাহীনতায় ভুগছেন গাজীপুর-৪ আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী এম এম আনোয়ার হোসেন। ক্ষমতাসীন দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে তিনি প্রচার-প্রচারণা ও গণসংযোগে বাধা সৃষ্টি, পোস্টার ছিঁড়ে ফেলা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন।
গতকাল বুধবার দুপুরে গাজীপুর প্রেসক্লাবে সংবাদ সমেঞ্চলন করে আনোয়ার ওই অভিযোগ করেন।
গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে আওয়ামী লীগের সিমিন হোসেন (রিমি), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) মোহাম্মদ সারুয়ারে কায়নাৎ ও জাপার আনোয়ার প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আনোয়ার হোসেন অভিযোগ করেন, সরকারদলীয় প্রার্থীর সমর্থকেরা তাঁকে, তাঁর নেতা-কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছেন। নির্বাচনী প্রচারের ব্যানার ও ফেস্টুন নষ্ট করে ফেলছেন। তাঁর গণসংযোগ ও পথসভায় বাধা দিচ্ছেন।
সিমিন হোসেনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কবির হোসেন বলেন, ‘আনোয়ার হোসেনের অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। তাঁকে বরং নির্বাচনী প্রচারে আমরা সাধ্যমতো সহযোগিতা করছি।’
নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন আলী বলেন, ‘আমরা তাঁর নিরাপত্তার জন্য সার্বক্ষণিক পুলিশ দিয়েছি। প্রয়োজনে আরও ফোর্স দেব।’