আ.লীগের বিরুদ্ধে প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের কর্মী-সমর্থক ও আইন প্রয়োগকারী সংস্থার লোকজন প্রচারণায় বাধা দিচ্ছেন বলে অভিযোগ করেছে বিএনপি। বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্র দখলের ষড়যন্ত্রের অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী।
গতকাল রোববার দুপুরে ভোলা জেলা বিএনপি দলীয় কার্যালয়ে তাদের চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে সংবাদ সম্মেলন করে। একই দিন বেলা সাড়ে তিনটার দিকে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে চরবাড়িয়া বিএনপির চেয়ারম্যান প্রার্থী জিয়াউল ইসলাম সংবাদ সম্মেলনে ওই অভিযোগ করেন।
ভোলায় বিএনপির প্রার্থীরা লিখিত বক্তব্যে বলেন, তাঁদের অনেক প্রার্থী আওয়ামী লীগের প্রার্থীর হুমকি-ধমকিতে নির্বাচনী মাঠে যেতে পারছেন না। মাঠে গেলেই বিএনপির প্রার্থীর কর্মীদের পিটিয়ে জখম করা হচ্ছে। বিএনপির সমর্থকেরা পোস্টার নিয়ে প্রচারণা চালাতে গেলে হামলা করে পোস্টার ছিনিয়ে নেওয়া হচ্ছে। মাইক ও গাড়ি ভাঙচুর করা হচ্ছে। কর্মীদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হচ্ছে। এ পর্যন্ত প্রতিটি ইউনিয়নে কর্মীরা ১০-১২ বার হামলার শিকার হয়েছেন। সংঘাত হচ্ছে আওয়ামী লীগ ও বিদ্রোহীর সঙ্গে, আসামি হচ্ছেন বিএনপির। এ পর্যন্ত বিএনপির শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ ও ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, বোরহানউদ্দিন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জাকির হোসেন, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন প্রমুখ।
জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের বলেন, বিএনপির চেয়ারম্যান প্রার্থীরা মাঠে নেই। তাঁরা অনেকটা ডামি প্রার্থীতে পরিণত হয়েছেন। একটি ওয়ার্ডে একাধিক ইউপি সদস্য প্রার্থী থাকায় নির্বাচন হচ্ছে। নইলে তাও হতো না। বিএনপি নিজেদের আত্মসম্মান বাঁচানোর জন্য বাধা দেওয়ার অভিযোগ করছে।
পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বলেন, যাঁদের বিরুদ্ধে মামলা আছে, তাঁদেরই ধরার চেষ্টা করা হয়। কাউকে হয়রানি করা হচ্ছে না।
এদিকে বরিশালে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জিয়াউল ইসলাম। তিনি বলেন, ‘নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকেই আওয়ামী লীগের প্রার্থী ও সমর্থকেরা বিভিন্নভাবে বাধা দিয়ে আসছেন। এখন চলছে কেন্দ্র দখলের পরিকল্পনা। ইউনিয়নের নয়টি ভোটকেন্দ্রের মধ্যে সাতটি ঝুঁকিপূর্ণ। ভোটাররা ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। নৌকার প্রার্থীর ভাই, স্বজন ও নেতা-কর্মীসহ ক্যাডাররা নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন। মঙ্গলবার সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত জনতার মুখোমুখি অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রার্থী ও সমর্থকেরা হামলা চালান। এতে আমার প্রধান নির্বাচনী সমন্বয়কারী ও ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলামসহ ৩০ জন আহত হন। ভোটকেন্দ্র দখল করে নৌকায় সিল মেরে বাক্সভর্তি করা হবে বলে প্রচার করা হচ্ছে।’
সংবাদ সম্মেলনে বিএনপির কোতোয়ালি থানা শাখার সভাপতি কাজী এনায়েত হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, প্রার্থীর প্রধান নির্বাচনী সমন্বয়ক রফিকুল ইসলাম, যুবদল নেতা সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।