ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের উপনির্বাচনে ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী ও এক স্বতন্ত্র প্রার্থী প্রচারণায় আওয়ামী লীগের কর্মীরা বাধা দিচ্ছেন বলে অভিযোগ করেছেন। গত রোববার তাঁরা রিটার্নিং কর্মকর্তার কাছে আলাদাভাবে লিখিত এই অভিযোগ করেন।
তবে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।
গত ২ মে গৌরীপুর আসনের সাংসদ মজিবুর রহমান ফকির মারা যান। তাঁর মৃত্যুতে শূন্য হওয়া আসনে ১৮ জুলাই উপনির্বাচন হবে।
স্বতন্ত্র প্রার্থী মো. আজিজুল হকের অভিযোগ সূত্রে জানা যায়, ৪ জুলাই বিকেলে গৌরীপুর শহরের কাঁচাবাজার এলাকায় তাঁর প্রচার-মাইক ভাঙচুর করেন আওয়ামী লীগের কর্মীরা। এরপর তাঁরা মাইকটি নিয়ে আটকে রাখেন এবং প্রচারকাজে থাকা কর্মীদের হুমকি দিয়ে বলেন, গৌরীপুরে আওয়ামী লীগের ছাড়া অন্য কোনো প্রার্থীর প্রচারণা চলবে না। আজিজুল হক বলেন, মাইক ছিনিয়ে নেওয়ার বিষয়টি গৌরীপুর থানার ওসিকে জানানো হলে তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
ইসলামী ঐক্যজোটের প্রার্থী আবু তাহের খানের অভিযোগ সূত্রে জানা যায়, ৩ জুলাই বিকেলে শহরের কালিপুর বাজারে প্রচারকালে তাঁর মাইক ভাঙচুর করেন আওয়ামী লীগের কর্মীরা। এ ছাড়া পোস্টার সাঁটানোর সময় কর্মীদের বাধা দিচ্ছেন আওয়ামী লীগের কর্মীরা। অভিযোগে
তিনি আরও উল্লেখ করেন, গৌরীপুর থানার ওসির কাছে অভিযোগ করা হলেও কোনো ব্যবস্থা নিচ্ছেন না।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো প্রার্থীর প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে না। তাঁদের ‘ভোটব্যাংক’ শূন্য বলে এসব প্রলাপ বকছেন।
গৌরীপুর থানার ওসি আখতার মোর্শেদ বলেন, ‘ওই দুই প্রার্থীর অভিযোগ ঠিক নয়। তাঁরা আমাদের কাছে প্রচারণায় বাধা দেওয়ার কোনো অভিযোগ করেননি। নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে তাঁদের প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ পেয়েছি। তবে প্রাথমিক তদন্তে অভিযোগগুলোর সত্যতা পাওয়া যায়নি।’ এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আলীম উজ্জামানের মুঠোফোনে গতকাল সোমবার একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।
তবে সহকারী রিটার্নিং কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে অবশ্যই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।