আ.লীগের বিরুদ্ধে বিএনপির দুর্বল প্রার্থী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুর রাজ্জাক ও হাবিবুর রহমান
আবদুর রাজ্জাক ও হাবিবুর রহমান

পিরোজপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এঁরা হলেন আওয়ামী লীগের হাবিবুর রহমান মালেক, বিএনপির আবদুল রাজ্জাক মুনান ও স্বতন্ত্র হিসেবে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আক্তারুজ্জামান মানিক।
সাবেক পৌর চেয়ারম্যান ও জেলা বিএনপির সহসভাপতি এমডি লিয়াকত আলী শেখ বাদশার ছেলে আকতারুজ্জামান শেখ রাহাদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের এম এ জব্বার মেয়র পদের মনোনয়নপত্র সংগ্রহ করলেও তাঁরা জমা দেননি।
আকতারুজ্জামান শেখ রাহাদ বলেন, ‘গত বুধবার আমার মনোনয়নপত্র জমা দেওয়ার পথে সরকারদলীয় লোকজন আমাদের দুই কর্মীকে পিটিয়ে মনোনয়নপত্র নিয়ে যায়। এরপর থেকে আজ (বৃহস্পতিবার) বিকেল পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাওয়ার পথগুলোতে সরকারদলীয় লোকজন পাহারা দেয়; যাতে আমি বা আমার পক্ষে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করতে না পারে।’ তিনি আরও বলেন, ‘আমার বাবা ঋণখেলাপির জটিলতায় নির্বাচনে অংশ নিতে না পারার বিষয়টি স্পষ্ট হলে আমি মেয়র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিই। তবে বিএনপির জেলা কমিটির কয়েকজন নেতা চাননি আমি প্রার্থী হই। তাঁরা আমাকে মনোনয়ন না দিয়ে একজন দুর্বল প্রার্থীকে মনোনয়ন দিয়েছেন। যিনি গত পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হয়ে মাত্র ৬৯ ভোট পেয়ে পরাজিত হয়েছিলেন।’
জেলা বিএনপি সূত্রে জানা গেছে, দলীয় নেতা এমডি লিয়াকত আলী শেখ বাদশা, আবদুল রাজ্জাক ও মীর্জা জহিরুল হকের নাম দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে পাঠানো হয়। বুধবার আবদুল রাজ্জাককে বিএনপি মনোনয়ন দেয়।
নাম প্রকাশ না করার শর্তে জেলা বিএনপির এক নেতা বলেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থী হাবিবুর রহমান মালেক পিরোজপুর-১ আসনের সরকারদলীয় সাংসদের ভাই। পিরোজপুরে তাঁদের পরিবারের রয়েছে প্রভাব। হাবিবুর রহমানের মতো জনপ্রিয় প্রার্থীর বিরুদ্ধে একজন সাবেক কাউন্সিলর প্রার্থীকে বিএনপি মেয়র পদে মনোনয়ন দিয়েছে। অনেকের সন্দেহ আওয়ামী লীগের শক্তিশালী প্রার্থীকে বিজয়ী করতে বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা কৌশল করে মনোনয়ন বোর্ডকে প্রভাবিত করে দুর্বল প্রার্থীকে মেয়র পদে মনোনয়ন দিয়েছেন।
জেলা বিএনপির এক জ্যেষ্ঠ নেতা বলেন, ‘২০১১ সালে অনুষ্ঠিত পৌর নির্বাচনে হাবিবুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছিলেন। এবারও তিনি চেষ্টা করবেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হতে। এ কারণে হয়তো আকতারুজ্জামান শেখ রাহাদ ও এম এ জব্বারকে মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হয়নি। কিন্তু বিএনপির মনোনীত আবদুল রাজ্জাক দুর্বল প্রার্থী হওয়ায় তাঁর মনোনয়নপত্র জমা দিতে সরকারদলীয় লোকজন বাধা দেননি। আরেক স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান মানিক হলেন হাবিবুর রহমানের ডামি প্রার্থী। এখন আমারা ভয়ে আছি আবদুল রাজ্জাক মাঠে টিকে থাকতে পারবেন কি না।’
পিরোজপুর জেলা বিএনপির সভাপতি গাজী নূরুজ্জামান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা এমডি লিয়াকত আলী শেখের নাম প্রথম, এরপর আবদুল রাজ্জাক ও মীর্জা জহিরুল হকের নাম দলের মনোনয়ন বোর্ডের কাছে পাঠাই। আমাদের ইচ্ছা ছিল লিয়াকত আলী শেখকে মেয়র প্রার্থী করা। কিন্তু তিনি ঋণখেলাপির কারণে প্রার্থী হতে না পারায় আবদুল রাজ্জাক মনোনয়ন পেয়েছেন।’
আবদুল রাজ্জাক বলেন, ‘আমি নিজেকে দুর্বল প্রার্থী মনে করি না। দলের নেতা-কর্মীরা ঠিকমতো প্রচার-প্রচারণা চালাতে পারলে ও প্রশাসন সব ধরনের সহযোগিতা করলে আমি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।’