
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে প্রচারণায় নেমেছে ছাত্রলীগ। ওই ওয়ার্ডের বিদ্রোহী প্রার্থী ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক আসাদুজ্জামানের পক্ষে কাজ করছেন সংগঠনের কেন্দ্র থেকে সব পর্যায়ের নেতা-কর্মীরা।
কার্জন হল ছাড়া পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, কেন্দ্রীয় গণগ্রন্থাগার, জাতীয় জাদুঘর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, আজিজ সুপার মার্কেট ও পরীবাগ এলাকা নিয়ে ২১ নম্বর ওয়ার্ড। মোট ভোটার ১৮ হাজার ৫০১। ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আছেন ছয়জন। এর মধ্যে বিএনপির প্রার্থী খাজা হাবিবুল্লাহ বাদে সবাই আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাবেক বা বর্তমান নেতা।
ওয়ার্ডে আওয়ামী লীগ থেকে সমর্থন পেয়েছেন এম এ হামিদ খান। ছাত্রলীগ নেতাদের অভিযোগ, হামিদ খানের অর্থের কাছে হেরে গিয়েই তাঁকে সমর্থন দেওয়া হয়েছে। তাঁরা বিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালুর সঙ্গে হামিদ খানের ঘনিষ্ঠতার কয়েকটি ছবি ব্যবহার করে তাঁকে ‘বিএনপির এজেন্ট’ আখ্যা দিয়ে আসাদের পক্ষে কাজ করে যাচ্ছেন। ওই ছবি দিয়ে ‘রাজনীতির কুলাঙ্গারদের বিরুদ্ধে রুখে দাঁড়ান’ শিরোনামে পোস্টার ছেপেছে ‘সচেতন আওয়ামী নাগরিকবৃন্দ’।

গতকাল রোববার হামিদ খান প্রথম আলোকে বলেন, ‘এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। জীবনে কখনো আমি বিএনপি করি নাই। ২০০৪ সালে একবার ফালু শাহবাগের চাঁন মসজিদে এসেছিলেন, আমি মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হিসেবে তাঁর কাছে ১০ লাখ টাকা অনুদান চেয়েছিলাম। তৎকালীন ওয়ার্ড কমিশনারের বাসায় রাতে একসঙ্গে দাওয়াত খেয়েছিলাম।’
আসাদুজ্জামান বলেন, ‘এই ওয়ার্ডের সিংহভাগ ভোটার আমার শ্রদ্ধেয় শিক্ষক এবং শিক্ষার্থী ও কর্মজীবী জনতা। এমতাবস্থায় একজন সচেতন শিক্ষার্থী হিসেবে এই ওয়ার্ডের প্রতিনিধিত্ব বহিরাগত অনুপ্রবেশকারীদের হাতে তুলে দিতে পারি না। এখানের সবাই আমাকেই চাচ্ছে।’
এই ওয়ার্ডে অন্য প্রার্থীরা হলেন এস এম এনামুল হক, মঈন উদ্দিন আহমেদ ও শাহাব উদ্দিন আহম্মেদ।
আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হওয়ার আগের রাতে নয়টা সাত মিনিটে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম ফেসবুকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট দেন। এতে তিনি লেখেন, ‘লবিং এবং অর্থের দিক দিয়ে সবচেয়ে অসহায় ছিল আমাদের আসাদ। কিন্তু জননী (শেখ হাসিনা) আমাদের হতাশ করেননি। তাই আমরা দুই কাপ চা প্রতিদিন কম খেয়ে ওই চায়ের টাকা দিয়ে আসাদের প্রচারণা খরচ চালিয়ে আমাদের মুখ রক্ষা করব। দেখা হবে বিজয় মিছিলে।’
কিন্তু শেষ সময়ে গত বুধবার চূড়ান্ত দলীয় সমর্থনের তালিকায় আসাদের নাম না আসায় হতাশ হন ছাত্রলীগের নেতা-কর্মীরা। কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার পদধারী অন্তত ১০ জন নেতা তাঁদের ফেসবুক অ্যাকাউন্টে অভিযোগ করেন, টাকা দিয়ে হামিদ খান সমর্থন পেয়েছেন।
জানতে চাইলে সিদ্দিকী নাজমুল আলম প্রথম আলোকে বলেন, ‘নমিনেশনের পরে ফেসবুকে আমি আর কিছু বলি নাই। এ বিষয়ে আমার কোনো বক্তব্য বা মন্তব্য নাই। কে কাকে সমর্থন দেবে এটা যার যার ব্যক্তিগত বিষয়।’