আ.লীগের বৈঠকে গুলি ছোড়ার ঘটনায় পাল্টাপাল্টি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলায় আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষের সমঝোতা বৈঠকে হাতাহাতি ও গুলি ছোড়ার ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান এবং প্যানেল মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম মুসার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গত ২৮ সেপ্টেম্বর রাতে আমতলী থানায় দুপক্ষের সমঝোতা বৈঠকে হাতাহাতি, পাল্টাপাল্টি ধাওয়া ও ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ঘটে।
মেয়র মতিয়ারের ভাষ্য, জি এম মুসা ও তাঁর সমর্থকেরা আতঙ্ক সৃষ্টির জন্য ওই দিন (২৮ সেপ্টেম্বর) পিস্তল দিয়ে থানার বাইরে গুলি ছোড়েন। আর মুসার অভিযোগ, পৌর মেয়র মতিয়ার তাঁর লাইসেন্স করা পিস্তল দিয়ে থানার অভ্যন্তরে তিনটি ফাঁকা গুলি ছোড়েন।
ঘটনার পর জি এম মুসার সমর্থক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গাজী সামসুল হক বাদী হয়ে ২৯ সেপ্টেম্বর আমতলীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মেয়র মতিয়ারকে আসামি করে একটি হত্যাচেষ্টার মামলা করেন। আদালত আমতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) তদন্ত করে ২৩ অক্টোবর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দেন।
এরপর গত রোববার বরগুনা আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দমন (দ্রুত বিচার) আদালতে প্যানেল মেয়র জি এম মুসা, তাঁর বাবা আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম দেলোয়ার হোসেনসহ ১২ জনের বিরুদ্ধে চাঁদা দাবি এবং হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়ার অভিযোগে মামলা করা হয়। আমতলী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয় চন্দ্র বাদী হয়ে বরগুনায় মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে আমতলীর সহকারী কমিশনারকে (ভূমি) তদন্তের নির্দেশ দেন।