আ.লীগের ব্যবসায়ী প্রার্থীর আয় নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী তাকজিল খলিফার আয় আগের চেয়ে বেড়েছে। তবে সম্পদে এগিয়ে রয়েছেন বিএনপিদলীয় প্রার্থী মন্তাজ মিয়া। তাকজিল ব্যবসায়ী হলেও আয়ের কোনো তথ্য উল্লেখ করেননি। তিনি স্নাতক পাস। অন্যদিকে বিএনপি প্রার্থী অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন।
এ পৌরসভায় এবার মেয়র পদে লড়ছেন পাঁচজন। তাঁদের বিরুদ্ধে এখন কোনো মামলা নেই। তাঁরা কেউ ঋণখেলাপিও নন।
পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া প্রার্থীদের বর্তমান ও আগের হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে।
২০১২ সালে আখাউড়া পৌরসভার উপনির্বাচনে আওয়ামী লীগ নেতা তাকজিল খলিফা মেয়র নির্বাচিত হন। তিনি বিকম পর্যন্ত পড়াশোনা করেছেন। পেশায় ব্যবসায়ী। মেয়র হিসেবে বার্ষিক সম্মানী ভাতা পান ১ লাখ ৮০ হাজার টাকা। তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তিদের আয় দুই লাখ টাকা। আগের নির্বাচনের সময়ে তাঁর ব্যবসা থেকে বার্ষিক আয় ছিল ৫০ হাজার ও ব্যাংকে আমানত ছিল ২০ হাজার টাকা। এবার ব্যবসার বার্ষিক আয়ের তথ্য উল্লেখ করেননি তিনি।
তাকজিল হলফনামায় আরও বলেন, তাঁর আমেরিকাপ্রবাসী ভাই নেছার আহম্মদ খলিফা ২০১২ সালে উপনির্বাচনের সময়ে নির্বাচনের খরচ দিয়েছিলেন। এবারও তিনি খরচ দেবেন। বর্তমানে তাঁর কাছে নগদ আছে ২৫ হাজার টাকা। আগে ছিল ১৫ হাজার টাকা। স্ত্রীর ২১ ভরি স্বর্ণালংকার ও যৌথ মালিকানায় চার শতক অকৃষি জমি রয়েছে। তাঁর বিরুদ্ধে থাকা সাতটি মামলা থেকে তিনি খালাস পেয়েছেন।
বিএনপি মনোনীত প্রার্থী মন্তাজ মিয়া অষ্টম শ্রেণি পাস। পেশায় ব্যবসায়ী। কৃষি খাত ও ব্যবসা থেকে তাঁর বার্ষিক আয় ৫১ হাজার ও ওয়ার্ড কাউন্সিলর হিসেবে সম্মানী ভাতা পান ৪৮ হাজার টাকা। ব্যবসা ও বিদেশ থেকে ছেলের পাঠানো অর্থে নির্বাচনের ব্যয় মেটাবেন। তাঁর কাছে নগদ দুই লাখ, ব্যাংকে জমা ৮৫ হাজার এবং দেড় লাখ টাকার আসবাব রয়েছে। স্ত্রীর নামে ১০ ভরি স্বর্ণালংকার রয়েছে। এ ছাড়া কৃষিজমি ৩০ শতক, অকৃষি জমি ৪৫ শতক, ১৪ শতকের একটি ভিটিভূমি রয়েছে। তাঁর বিরুদ্ধে একটি মামলা থাকলেও সেটি থেকে তিনি অব্যাহতি পেয়েছেন।
বিএনপি থেকে পদত্যাগকারী সৈয়দ মশিউর রহমান এবার স্বতন্ত্র হিসেবে মেয়র প্রার্থী হয়েছেন। তিনি অষ্টম শ্রেণি পাস ও পেশায় ব্যবসায়ী। ব্যবসা থেকে বার্ষিক আয় ৫০ হাজার টাকা, বাড়িভাড়া থেকে ছয় হাজার টাকা। ব্যবসার আয় থেকে নির্বাচনী ব্যয় মেটাবেন তিনি। তাঁর কাছে নগদ আছে ২ লাখ ৩০ হাজার টাকা। একই পরিমাণ অর্থ ব্যাংকেও জমা রয়েছে।
স্বতন্ত্র প্রার্থী সালাহ্ উদ্দিন আল হুসাইন চৌধুরী পেশায় ব্যবসায়ী। তিনি বিকম পাস। বার্ষিক আয় তিন লাখ টাকা। নির্বাচনী ব্যয়ের অর্থ প্রাপ্তির সম্ভাব্য কোনো উৎস তিনি হলফনামায় উল্লেখ করেননি।
স্বতন্ত্র প্রার্থী সোহেল ভূঞা পেশায় আইনজীবী। কৃষি খাত থেকে তাঁর বার্ষিক আয় তিন হাজার, দোকান ভাড়া থেকে ৪৮ হাজার ও আইন পেশা থেকে ২ লাখ ৮০ হাজার টাকা। তিনি আইন পেশা ও স্বেচ্ছাপ্রণোদিত হয়ে কামরুজ্জামান চৌধুরী নামে খালাতো ভাইয়ের দেওয়া অর্থ থেকে নির্বাচনী ব্যয় মেটাবেন। তাঁর কাছে নগদ নয় লাখ ৬০ হাজার টাকা ও ২৫ ভরি সোনা আছে।