আ.লীগের ভরাডুবির নেপথ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সদর ও সাদুল্যাপুরে গত শনিবার অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের ভরাডুবি হয়েছে। দুই উপজেলাতেই চেয়ারম্যান পদে জামায়াত-সমর্থিত প্রার্থীরা জয়ী হন। স্থানীয় সাংসদসহ দলের নেতা-কর্মীদের অসহযোগিতা, দলীয় কোন্দল ও জনবিচ্ছিন্ন হওয়ার কারণে আওয়ামী লীগের প্রার্থীদের ভরাডুবি হয়েছে বলে সংশ্লিষ্ট লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে।
গাইবান্ধা সদর: উপজেলায় ৫৯ হাজার ৯৭৪ ভোট পেয়ে চেয়ারম্যান পদে জয়ী হন জেলা জামায়াতের সেক্রেটারি আবদুল করিম। আওয়ামী লীগ-সমর্থিত শাহ সারোয়ার কবীর পান ৩২ হাজার ২৯ ভোট। আবদুল করিম গত বছরের ২৮ ফেব্রুয়ারি সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গায় পুলিশ হত্যাসহ জামায়াত-শিবিরের তাণ্ডবের ঘটনায় দায়ের করা চার মামলার আসামি। গ্রেপ্তার এড়াতে পলাতক থেকেও চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। ভাইস চেয়ারম্যান পদে বিএনপি-সমর্থিত মোরশেদ হাবীব ৬৫ হাজার ৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
শাহ সারোয়ার কবীর বলেন, গাইবান্ধা-২ আসনের দলীয় সাংসদ মাহাবুব আরা বেগম তাঁর সমর্থকদের দিয়ে জামায়াত ও সিপিবির প্রার্থীর পক্ষে কাজ করিয়েছেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি রণজিৎ বকসি বলেন, সাংসদের বিরোধিতা ছাড়াও নেতৃত্বের কোন্দল পরাজয়ের মূল কারণ।
অভিযোগ অস্বীকার করে সাংসদ মাহাবুব আরা বেগম বলেন, বাস্তবে জামায়াতের প্রার্থী বহিরাগত নারীদের দিয়ে ভোট নেন। ওই নারীরা মুখ ঢেকে ভোট দেন। কিন্তু ভোট গ্রহণে নিয়োজিত কর্মকর্তারা তা যাচাই-বাছাই করেননি। ফলে জামায়াতের চক্রান্তের কারণে দলের পরাজয় ঘটে।
রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু বকর সিদ্দিক বলেন, ভোটারদের যাচাই-বাছাই করার দায়িত্ব প্রার্থীদের নিজ নিজ পোলিং এজেন্টদের। তবে তাঁরা এ ধরনের কোনো অভিযোগ করেননি।
আবদুল করিম বলেন, ‘আমি কোনো সহিংসতার সঙ্গে জড়িত ছিলাম না। অথচ আমাকে হত্যা-সহিংসতাসহ চারটি মিথ্যা মামলার আসামি করা হয়। তিনটি মামলায় জামিন না পাওয়ায় জনগণের সামনে আসতে পারিনি। এ সুযোগে বিপক্ষ দল জনগণের কাছে আমার বিরুদ্ধে যত মিথ্যা অভিযোগ ছড়িয়েছে, জনগণ আমাকে তত ভালোবেসে ভোট দিয়েছে।’
জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি জহুরুল কাইয়ুম বলেন, ক্ষমতাসীন হওয়ার পরও স্থানীয় আওয়ামী লীগ সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছে। এ জন্য তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
সাদুল্যাপুর: চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মো. শাহরিয়া খানকে হারিয়ে বিজয়ী হয়েছেন জামায়াতের নেতা মো. সাইদুর রহমান। তিনি ৪৮ হাজার ১২৫ ভোট এবং শাহরিয়া খান ৪৪ হাজার ৩৪৬ ভোট পান। ভাইস চেয়ারম্য ান পদে বিএনপি-সমর্থিত ছামছুল হাসান ২৪ হাজার ৭৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম জাসদ-সমর্থিত দিদারুল ইসলাম পান ২৪ হাজার ৫১৯ ভোট।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরিয়া খান অভিযোগ করেন, ‘গাইবান্ধা-৩ আসনের দলীয় সাংসদ ইউনুস আলী সরকার ও তৃণমূল নেতা-কর্মীদের বিরোধিতার কারণে আমার পরাজয় হয়েছে। এ ছাড়া দলের অনেক নেতা-কর্মী বিজয়ী প্রার্থীর পক্ষে কাজ করেন।’ সাংসদ ইউনুস আলী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ও দলের লোকজন তাঁর (শাহরিয়া) পক্ষেই কাজ করেছি।’ সাইদুর রহমান বলেন, বিগত পাঁচ বছরে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের অনিয়ম-দুর্নীতির কারণে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বলেন, সাংগঠনিক দুর্বলতার কারণে দলীয় প্রার্থীর পরাজয় হয়েছে। এ ছাড়া জেলা-উপজেলা নেতৃত্ব তৃণমূল নেতা-কর্মীদের দলীয় প্রার্থীর পক্ষে মাঠে নামাতে পারেননি।