আ.লীগের ভরাডুবির পর পাল্টাপাল্টি অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের ভরাডুবির পর চলছে বহিষ্কার, পাল্টাপাল্টি অভিযোগ। এতে দলের নেতা-কর্মীরা দুটি দলে বিভক্ত হয়ে পড়েছেন।
উপজেলা আওয়ামী লীগের নেতারা দলীয় কার্যালয়ে গত বুধবার দুপুরে নৌকা প্রতীকবিরোধী ও বিএনপি-জামায়াতের সহায়তাকারী নেতাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। এদিকে গত মঙ্গলবার আওয়ামী লীগ পুনরুদ্ধার মঞ্চ নামের এক সংগঠন দলীয় প্রার্থীদের ভরাডুবির জন্য উপজেলা আওয়ামী লীগের কমিটিকে দায়ী করে সংবাদ সম্মেলন করে। এ ছাড়া গত সোমবার দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করায় হাতিয়া ইউনিয়নের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়।
গত বুধবার দুপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন। এ সময় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতি শিউলি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ, দপ্তর সম্পাদক নিমাই সিনহা প্রমুখ।
বক্তারা বলেন, গত শনিবারের নির্বাচনে সাবেক সাংসদ আমজাদ হোসেন তালুকদার ও বঙ্গবন্ধু পরিষদের উপজেলা সভাপতি এম এ মতিন নৌকা প্রতীকের বিপক্ষে অবস্থান নেন। তাঁরা বিএনপি ও জাতীয় পাটির প্রার্থীদের পক্ষেও কাজ করেন। এ ছাড়া প্রতিটি ইউনিয়নে একাধিক বিদ্রোহী প্রার্থী থাকায় মাত্র দুই ইউপিতে আওয়ামী লীগ জয়ী হয়।
গত মঙ্গলবার বেলা ১১টায় উলিপুর মৈত্রী ভবনে আওয়ামী লীগ পুনরুদ্ধার মঞ্চের সংবাদ সম্মেলনে মতিন লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি লিখিত বক্তব্যে বলেন, মতি শিউলি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ-বাণিজ্য, তদবির, বদলি-বাণিজ্যসহ দলকে ব্যবহার করে কোটি কোটি টাকা উপার্জন করায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। এমনকি তাঁর তদবির-বাণিজ্যের হাত থেকে দলের নেতা-কর্মীরাও রক্ষা পাননি। এসব কর্মকাণ্ডের বিরোধিতা করায় অনেক ত্যাগী নেতা-কর্মীকে তাঁর গুন্ডাদের হাতে লাঞ্ছিত হতে হয়। সর্বশেষ তৃণমূলের মতামতকে উপেক্ষা করে টাকার বিনিময়ে প্রার্থী বদল করে জনবিচ্ছিন্ন প্রার্থীদের মনোনয়ন দেওয়ায় দলের এ ভরাডুবি হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সাংসদ আমজাদ হোসেন তালুকদার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুস, সাবেক সাধারণ সম্পাদক সামসুল আলম, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদের প্রমুখ। সংবাদ সম্মেলনে অবিলম্বে উপজেলা আওয়ামী লীগের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দেওয়ার দাবি করা হয়।
এদিকে নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করায় গত সোমবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতি শিউলি ও সাধারণ সম্পাদক গোলাম হোসেন স্বাক্ষরিত এক পত্রে হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আবদুর রউফ, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, উপদেষ্টা মুক্তিযোদ্ধা মিজানুর রহমান ও সহসভাপতি আবদুল্লাহেল ক্বাফীকে বহিষ্কার করা হয়।
তবে মতি শিউলি অভিযোগ অস্বীকার করে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।