আ.লীগের ভোট চুরির নিয়ত নেই: প্রধানমন্ত্রী
তত্ত্বাবধায়ক সরকার-পদ্ধতি পুনর্বহালের দাবি আবারও নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি সাম্প্রতিক চার সিটি করপোরেশন নির্বাচনের উদাহরণ টেনে বলেন, ভোট চুরির নিয়ত আওয়ামী লীগের নেই। বিগত নির্বাচনগুলো প্রমাণ করেছে আওয়ামী লীগ সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। গতকাল শনিবার গণভবনে আওয়ামী লীগের রংপুর জেলার তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি আবারও বলেছেন, ‘আরেকবার তত্ত্বাবধায়ক সরকার এলে বিরোধীদলীয় নেত্রীকে আবারও যে জেলে যেতে হবে না, এ নিশ্চয়তা তিনি কোথায় পেয়েছেন? তত্ত্বাবধায়ক সরকার যে নির্বাচন দেবে, তারই বা গ্যারান্টি কী?’ প্রধানমন্ত্রী বলেন, ‘গতবার তত্ত্বাবধায়ক সরকার এসে তিন মাসের কথা বলে দুই বছর পার করেছে। এবার এলে তিন বছর নয়, জ্ঞানী-গুণী ব্যক্তিরা রোজ কেয়ামত পর্যন্ত সেই সরকারের ক্ষমতায় থাকার ফতোয়া দেবেন। তাঁরাও কেয়ামত পর্যন্তই ক্ষমতায় থাকতে চাইবেন।’বিরোধীদলীয় নেতা আবারও সিঙ্গাপুর থেকে ফিরে কোনো ষড়যন্ত্র করেন কি না, সে বিষয়ে দেশবাসীকে সজাগ থাকারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘এর আগেরবার সিঙ্গাপুর থেকে দেশে ফিরেই তিনি ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিলেন। বললেন, আমি নাকি পালানোর পথ পাব না। তার পরই হেফাজতকে নিয়ে জ্বালাও-পোড়াও করেছেন। মসজিদে আগুন দিয়েছেন, কোরআন শরিফও পুড়িয়েছেন।’প্রধানমন্ত্রী দাবি করেন, বিএনপি-জামায়াত যত কোরআন পুড়িয়েছে, পৃথিবীর ইতিহাসে তত কোরআন শরিফ পোড়ানো হয়নি। রংপুরে গ্যাস সরবরাহের দাবি: প্রথম আলোর রংপুরের নিজস্ব প্রতিবেদক জানান, মতবিনিময় সভায় জেলা ও উপজেলার তৃণমূল নেতারা সবাই রংপুরে গ্যাস সরবরাহের দাবি জানিয়েছেন। একই সঙ্গে রংপুর মহানগরের চার লেন সড়ক প্রশস্তকরণের কাজের অর্থ বরাদ্দ দেওয়ারও দাবি করেন তাঁরা। সভায় আওয়ামী লীগের রংপুর জেলার সাংগঠনিক পরিস্থিতি তুলে ধরেন দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম। তিনি বলেন, দীর্ঘদিন রংপুরে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সমেঞ্চলন হয় না। ফলে নতুন নেতৃত্ব আসছে না। তিনি এ বছরই সমেঞ্চলনের মাধ্যমে অঙ্গসংঠনগুলোর কমিটি গঠনের দাবি জানান।আর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন খুব শিগগির দলের রংপুর জেলা সমেঞ্চলন করার দাবি জানান।এ সময় আওয়ামী লীগের দলের কেন্দ্রীয় নেতাদের কাজী জাফরউল্যাহ, সতীশ চন্দ্র রায়, আবুল হাসানাত আবদুল্লাহ, খালিদ মাহমুদ চৌধুরী, এইচ এন আশিকুর রহমান, মৃণাল কান্তি দাস প্রমুখ উপস্থিত ছিলেন।