আ.লীগের ভোট ভাগাভাগি মাঝে বিএনপি নেতা জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী বিপুল ভোটের ব্যবধানে বিএনপি-সমর্থিত প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন। তিনি আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থীর চেয়েও কম ভোট পেয়েছেন।

প্রার্থী বাছাইয়ে ভুল সিদ্ধান্ত এবং দুই বিদ্রোহী প্রার্থীর কারণেই আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী পরাজিত হয়েছেন বলে স্থানীয় ভোটার ও দলীয় নেতা-কর্মীরা মনে করছেন।

বিএনপি-সমর্থিত প্রার্থী আইনুল হক পেয়েছেন ৪৪ হাজার ২৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি শাহরিয়ার আজম পান ২৫ হাজার ৪৪৭ ভোট। আওয়ামী লীগের আরেক ‘বিদ্রোহী’ প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কাদের পেয়েছেন ১৯ হাজার ৪৭১ ভোট। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সইদুল হক পেয়েছেন ১৪ হাজার ৮০৭ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে ৫১ হাজার ৭৬২ ভোট পেয়ে নির্বাচিত হন জামায়াতের মিজানুর রহমান। আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী দিগেন্দ্র নাথ রায় পান ২২ হাজার ২৭ ভোট। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আইয়ুব আলী পেয়েছেন নয় হাজার ৯৪৮ ভোট। আওয়ামী লীগের আরও দুই ‘বিদ্রোহী’ প্রার্থী পেয়েছেন ১৬ হাজার ৭৭৩ ভোট।

মীরডাঙ্গী গ্রামের বাসিন্দা আবদুল জব্বার বলেন, আওয়ামী লীগ থেকে সমর্থন দেওয়া সইদুল হক শুধু ভোটারের মধ্যে নন, নিজ দলের মধ্যেও জনপ্রিয়তা হারানো ব্যক্তি। ফলে নির্বাচনে তিনি ভোটারদের মন কাড়তে পারেননি। অন্যদিকে আওয়ামী লীগের সাবেক সভাপতি মিজানুর রহমানের ছেলে শাহরিয়ার আজম বাবার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এলাকায় বেশ সাড়া জাগিয়ে তোলেন। অনেক তৃণমূল নেতা-কর্মী আবদুল কাদেরের সঙ্গে থাকায় তিনিও আওয়ামী লীগ-সমর্থকদের ভোটের একটা অংশ পেয়েছেন।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু শাহিন বলেন, রানীশংকৈল আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। মাঠপর্যায়ের জনপ্রিয়তা যাচাই না করে বিতর্কিত প্রার্থীকে সমর্থন দেওয়ায় উপজেলা নির্বাচনে এমন ফল হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সদস্য এখলাসুর রহমান বলেন, মাঠপর্যায়ের জনপ্রিয়তা বিচার করে প্রার্থীকে সমর্থন দিলে ভোটের ফলাফল পাল্টে যেত। এটা বিচার করা হয়নি বলেই চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী চারজনের মধ্যে চতুর্থ হয়েছেন। আর ভাইস চেয়ারম্যান পদে হয়েছেন তৃতীয়।

জেলা আওয়ামী লীগের সহসভাপতি মকবুল হোসেন বলেন, ‘এটা পরিষ্কার যে রানীশংকৈলে দলের একক প্রার্থী থাকলে আমরা নিশ্চিত জয় পেতাম। দুই বিদ্রোহী প্রার্থীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে আমরা অনেকবার বলেছি। কিন্তু তাঁরা শোনেননি। আবদুল কাদেরকে দল থেকে বহিষ্কার করেছি এবং ছাত্রলীগের কাছে আজমকে বহিষ্কারের সুপারিশ করে চিঠি দেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, প্রার্থী নির্ধারণে কোনো ভুল ছিল না। যতই জনপ্রিয় হোন না কেন, তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের ভোটে প্রার্থী না হলে তাঁকে সমর্থন দেওয়া সম্ভব নয়।