আ.লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া এনায়েতুর রহমান আকন্দ স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন। গতকাল মঙ্গলবার তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রামাণিক প্রথম আলোর কাছে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক এনায়েতুর রহমান আকন্দ মেয়র পদে দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেছিলেন। পরে জেলা আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন কমিটির ভোটাভুটিতে গোলাম মাহফুজকে বাছাই করে তাঁর নাম কেন্দ্রে পাঠানো হয়। এনায়েতুর স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র কেনেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী বলেন, পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী। কেউ দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে দলের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এনায়েতুর রহমান বলেন, ‘মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছি। নির্বাচন করব—এটাই আমার শেষ কথা। দল থেকে বহিষ্কৃত হলেও আমার আপত্তি নেই। আমার বড় ভাই আবদুর রাজ্জাক আকন্দ এই আসনে আওয়ামী লীগের সাংসদ ছিলেন। আরেক ভাই পরপর দুবার স্থানীয় ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। কাজেই রাজনৈতিক পরিবারের সন্তান হয়ে নির্বাচনী মাঠ ছাড়তে পারি না।’