ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রাজশাহীর বাগমারা উপজেলায় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। এখানকার ১৬ ইউপিতে মনোনীত প্রার্থীদের গতকাল সোমবার ঢাকায় ডেকে মনোনয়নপত্র দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ এনামুল হক। এরই মধ্যে সাত ইউপিতে দলের মনোনয়নবঞ্চিতরা স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন।
আগামী ৭ মে বাগমারায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা যায়, গত রোববার উপজেলার ১৬ ইউনিয়নে দলীয় চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করা হয়। এরপর থেকেইমনোনয়নবঞ্চিতরা ফুঁসে উঠেছেন। নরদাশ, দ্বীপপুর, ঝিকড়া, যোগীপাড়া, গোয়ালকান্দি, মাড়িয়া ও গণিপুর ইউনিয়নে দলের মনোনয়নবঞ্চিতরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে প্রচারণাও শুরু করেছেন। তবে গোবিন্দপাড়া, সোনাডাঙ্গা, আউচপাড়া, শুভডাঙ্গা, বাসুপাড়া, বড়বিহানালী, কাচারীকোয়ালীপাড়া, শ্রীপুর, হামিরকুৎসা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গতকাল পর্যন্ত আওয়ামী লীগের কেউ মনোনয়নপত্র তোলেননি।
নরদাশ ইউনিয়নে দলীয় মনোনয়ন পেয়েছেন গোলাম সফি কামাল, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের ইউনিয়ন শাখার সভাপতি আবদুর রশিদ। গণিপুরে মনোনয়ন পেয়েছেন এনামুল হক। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের ইউনিয়ন শাখার সভাপতি হারুন অর রশিদ। দ্বীপপুরে মনোনয়ন পেয়েছেন বিকাশ চন্দ্র ভৌমিক। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুলেছেন আওয়ামী লীগের ইউনিয়ন শাখার সদস্য দুলাল উদ্দিন। ঝিকড়ায় মনোনয়ন পেয়েছেন আবদুল হামিদ ফৌজদার। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন দলের ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। যোগীপাড়ায় মনোনয়ন পেয়েছেন মাজেদুর রহমান। এখানে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোস্তফা কামাল। মাড়িয়ায় মনোনয়ন পেয়েছেন আসলাম আলী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুলেছেন দলের উপজেলা শাখার সদস্য আকবর আলী। গোয়ালকান্দিতে মনোনয়ন পেয়েছেন আবদুস সালাম। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করে প্রচারণা চালাচ্ছেন দলের ইউনিয়ন শাখার সভাপতি আলমগীর সরকার। আওয়ামী লীগের উপজেলা শাখার সভাপতি সাংসদ এনামুল হক বলেন, নৌকা যাঁদের কাছে নিরাপদ, জননেত্রী তাঁদের হাতেই তুলে দিয়েছেন। প্রার্থী নির্বাচন যথার্থ ও স্বচ্ছ হয়েছে।