তৃতীয় ধাপে ২৩ এপ্রিল নড়াইল সদর উপজেলার সাত ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সাতটি ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। তৃণমূলের অভিযোগ, তাদের দেওয়া তালিকা থেকে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি।
সদর উপজেলার মুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিপুল বিশ্বাস বলেন, ‘তৃণমূল থেকে আমার ও সাধারণ সম্পাদক পল্লব কুমার মজুমদারের নাম পাঠানো হলো। কিন্তু দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সহসভাপতি ও কৃষক সংগ্রাম সমিতির জেলা সভাপতি রবীন্দ্রনাথ অধিকারীকে। তাই এখানে দলের বিদ্রোহী প্রার্থী হয়েছেন পল্লব কুমার মজুমদার।’
শাহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহামুদ খান বলেন, ‘এখানে দলের মনোনয়ন দেওয়া হয়েছে মো. খশরুল আলমকে। স্থানীয় ভোটারসহ নেতা-কর্মীরা তাঁকে চেনেন না। এমন ব্যক্তিকে মনোনয়ন দেওয়ায় নির্বাচনী বৈতরণী পার হওয়া খুবই কষ্টসাধ্য।’
আওয়ামী লীগের নেতা মো. শহীদুল ইসলাম বলেন, ‘৪ এপ্রিল কেন্দ্রিয় কার্যালয় থেকে ভদ্রবিলরা চেয়ারম্যান পদে মাইকে আমার নাম ঘোষণা করা হয়। আমি এলাকায় এসে নির্বাচনী প্রচারণা শুরু করি। এর দুই দিন পর শুনি ওই ইউনিয়নে আবিদুর রহমান নামের একজন বিত্তশালী ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে।’ তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন হলে দলের প্রতি সাধারণ মানুষের আস্থা থাকবে না।
জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোহম্মদ আলী বলেন, দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মনোনয়ন দেওয়া হয়নি। এখানে মোটা অঙ্কের অর্থ নিয়ে বিভিন্ন দল থেকে সদ্য আসা অর্থশালী ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হয়েছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন খান বলেন, কিছুটা চাপের কারণে দলের অনেক ত্যাগী ও যোগ্য নেতাকে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি।