জয়পুরহাট পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য সম্ভাব্য ৪১ জন্য প্রার্থী জেলা আওয়ামী লীগের মনোনয়ন কমিটির কাছে আবেদন করেছেন।
এর মধ্যে মেয়র পদে সাতজন ও কাউন্সিলর পদে ২৬ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আটজন আবেদন করেছেন। আবেদনের সঙ্গে মেয়র পদে পাঁচ হাজার টাকা ও কাউন্সিলর পদে এক হাজার টাকা করে জমা দিয়ে দলীয় মনোনয়ন চেয়েছেন এসব সম্ভাব্য প্রার্থী।
জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা নির্বাচন মনোনয়ন কমিটির সদস্যসচিব গোলাম হক্কানী বলেন, পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে দলীয় মনোনয়নের জন্য সম্ভাব্য প্রার্থীদের কাছ থেকে আবেদন চাওয়া হয়েছে। গত ৮, ৯ ও ১০ তারিখ পর্যন্ত তিন দিনে মেয়র পদে সাতজন, কাউন্সিলর পদে ২৬ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে আটজন প্রার্থী হওয়ার জন্য আবেদন জমা দিয়েছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরে ওই সব প্রার্থীর মধ্য থেকে মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়ন দেওয়া হবে।
জেলা আওয়ামী লীগ ও সম্ভাব্য প্রার্থী সূত্রে জানা গেছে, প্রথম ধাপে আগামী ডিসেম্বরে দেশের ২৪৫টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এর ধারাবাহিকতায় জয়পুরহাট পৌরসভার নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে নিজেদের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার জন্য তাঁরা আবেদন করেন। মেয়র পদে মনোনয়ন পেতে আবেদন করেছেন জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি খাজা শামছুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নন্দলাল পার্শী ও জাকির হোসেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য দেওয়ান মোস্তাকুল ইসলাম ও আওয়ামী লীগ নেতা জয়পুরহাট পৌরসভার প্যানেল মেয়র মুক্তিযোদ্ধা বদর উদ্দিন সেলিম।
মনোনয়নপ্রত্যাশী খাজা শামছুল আলম বলেন, তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাই তিনি জয়পুরহাট পৌরসভার আগামী নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য আবেদন করেছেন। তিনি আশাবাদী যে দল তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে মনোনয়ন দেবে।
জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নন্দলাল পার্শী বলেন, তিনি গত পৌরসভা নির্বাচনে দলের সমর্থন নিয়ে মেয়র পদে নির্বাচন করে পরাজিত হন। এবারও তিনি নির্বাচন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। এ জন্য দলের কাছে মনোনয়ন পাওয়ার আবেদন করেছেন। আবেদনের সঙ্গে পাঁচ হাজার টাকাও জমা দিয়েছেন।
দলের সম্ভাব্য অন্য প্রার্থীরা জানিয়েছেন, পৌর নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে সভায় কমবেশি নির্বাচনী প্রচারণায় নেমেছেন। দল কাকে মনোনয়ন দেয় তা নিয়ে অনেক প্রার্থীও দুশ্চিন্তায় আছেন। তবে দলের সিদ্ধান্ত মেনে নিয়েই আগামী নির্বাচনে দলের পক্ষ হয়ে কাজ করবেন।
জেলা আওয়ামী লীগ সূত্র আরও জানায়, কাউন্সিলর পদে ২৬ জন প্রার্থী দলীয় মনোনয়ন চেয়ে এক হাজার টাকা করে জমা দিয়েছেন। পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং ওই ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আজিজুল হক এবং ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিমুল রহমান জানান, তাঁরা এক হাজার টাকা করে জমা দিয়ে কাউন্সিলর পদে মনোনয়ন চেয়েছেন। তাঁরা আশাবাদী যে দল তাঁদের মূল্যায়ন করে মনোনয়ন দেবে।
সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহানা রহমান বলেন, তিনি নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার জন্য আবেদন করেছেন। দলের কর্মকাণ্ডে তিনি দীর্ঘদিন ধরে জড়িত। তাঁর আশা, দল তাঁকে দলীয় মনোনয়ন থেকে বিমুখ করবে না। ৭, ৮ ও ৯ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের বর্তমান কমিশনার ও জেলা আওয়ামী লীগের সদস্য নিলুফা জহুর লিলি জানান, আওয়ামী লীগ থেকে আর কেউ আবেদন না করায় তাঁর মনোনয়ন অনেকটা নিশ্চিত।