জয়পুরহাটের পাঁচটি উপজেলার ৩২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে ২৯টিতে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে চান ৭৮ জন। ক্ষেতলাল উপজেলার তিনটি ইউপির মেয়াদ শেষ না হওয়ায় ওই তিনটিতে নির্বাচন হচ্ছে না।
দলীয় সূত্রে জানা গেছে, ২০ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে দলীয় মনোনয়নপ্রত্যাশীরা মনোনয়নপত্র কেনেন। প্রথম দিন থেকেই দলীয় মনোনয়ন পেতে ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা তিন হাজার টাকা দলীয় তহবিলে জমা দিয়ে মনোনয়ন ফরম কেনেন। ২৫ জানুয়ারি পর্যন্ত চেয়ারম্যান পদে মোট ৭৮ জন দলীয় মনোনয়ন ফরম কিনেছেন। এতে দলীয় তহবিলে জমা পড়েছে ২ লাখ ৪৩ হাজার টাকা।
পাঁচবিবি উপজেলার আটটি ইউপির চেয়ারম্যান পদে আবেদনপত্র কিনে জমা দিয়েছেন ২৫ জন। সদর উপজেলার নয়টিতে ২০ জন, কালাইয়ের পাঁচটিতে ১৫ জন, ক্ষেতলালের দুটিতে আটজন এবং আক্কেলপুরের পাঁচটিতে ১০ জন।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মনোনয়ন কমিটির সদস্যসচিব গোলাম হক্কানী বলেন, যাঁরা দলের কাছে মনোনয়ন চেয়েছেন, তাঁদের বিষয়ে দ্রুত জরিপ করে জনপ্রিয়তা খতিয়ে দেখা হবে। নির্বাচনে যাঁরা জয়লাভ করতে পারবেন, তাঁদের নামের তালিকা কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হবে।
জানতে চাইলে জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধান বলেন, এখনো এ বিষয়ে কেন্দ্রীয় নির্দেশ পাওয়া যায়নি।