আ.লীগের মনোনয়নপত্র ২৪ ফেব্রুয়ারি থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের জন্য আবেদনপত্র বিক্রি শুরু হবে আগামী শুক্রবার থেকে। চলবে রোববার পর্যন্ত। নির্ধারিত তারিখের বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় থেকে এই আবেদনপত্র সংগ্রহ করা যাবে। আবেদনপত্রের ফি ধরা হয়েছে ২৫ হাজার টাকা। ২৭ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত পূরণ করা আবেদনপত্র জমা নেওয়া হবে।
আওয়ামী লীগের দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। আগামী ৩০ মার্চ সুনামগঞ্জ-২ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সুরঞ্জিত সেনগুপ্ত মারা যাওয়ার কারণে এই আসনটি শূন্য হয়ে গেছে।
আওয়ামী লীগের দপ্তর সূত্র জানায়, আবেদনপত্র জমাদানকারী নেতাদের নামের তালিকা করে তা দলের মনোনয়ন বোর্ডে প্রেরণ করা হবে। বোর্ড একাধিক বৈঠক করে আগ্রহীদের সাক্ষাৎকার নেবে। এরপর একজনকে দলের মনোনয়ন দেওয়া হবে। মনোনয়ন বোর্ডের সভাপতি হচ্ছেন দলীয় সভাপতি শেখ হাসিনা।
এদিকে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে একই সময়ে অর্থাৎ ২৪, ২৫ ও ২৬ ফেব্রুয়ারি। এই সিটির নির্বাচনও অনুষ্ঠিত হবে ৩০ মার্চ।