আ.লীগের মনোনয়নবঞ্চিত নেতার সমর্থকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিল পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত এক নেতার সমর্থকেরা গতকাল সোমবার বিক্ষোভ করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়র পদে দলীয় মনোনয়নবঞ্চিত উপজেলা যুবলীগের একাংশের আহ্বায়ক বেলায়েত হোসেনের সমর্থকেরা গতকাল বিকেল চারটার দিকে পৌর শহরে বিক্ষোভ মিছিল করেন। এরপর বেলায়েত হোসেন চাটখিল কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলন করেন। পরে তাঁর সমর্থকেরা বিক্ষোভ মিছিল নিয়ে চাটখিল বাজারে সোনাইমুড়ী-চাটখিল-রামগঞ্জ সড়কে অবস্থান নেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বাগ্বিতণ্ডা হয়। পের পুলিশ বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়।
বেলায়েত হোসেন বলেন, মনোনয়ন বোর্ডে তাঁর পক্ষে সর্বাধিক ভোট পড়েছে। কিন্তু তাঁকে দলীয় মনোনয়ন দেওয়ার সুপারিশ না করে প্রভাবশালী এক ব্যক্তির হস্তক্ষেপে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনের নাম কেন্দ্রে পাঠানো হয়েছে। এ অবস্থায় তিনি সমর্থকদের নিয়ে সংবাদ সম্মেলন করে মনোনয়নের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন। তাঁরা রাস্তায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। তাঁর অভিযোগ, পুলিশ তাঁর সমর্থকদের মৃদু লাঠিপেটা করেছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম উদ্দিন বলেন, যুবলীগের নেতা বেলায়েত লোকজন নিয়ে সংবাদ সম্মেলন করেন। পরে তাঁরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ তাঁদের সড়ক থেকে সরিয়ে দেয়।
দলীয় মনোনয়ন পাওয়া জাকির হোসেন ওরফে জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, তাঁকে মেয়র পদে মনোনয়ন দেওয়ার জন্য কেন্দ্রে প্রস্তাব পাঠানো হয়েছে। জেলা আওয়ামী লীগের বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মনোনয়ন বোর্ডের সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির বলেন, উপজেলা কমিটি স্থানীয় সাংসদসহ বৈঠক করে মেয়র পদে মনোনয়নের বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। পরে তাঁরা বিষয়টি জেলা কমিটির ওপর ছেড়ে দেন। সেখানে কী সিদ্ধান্ত হয়েছে, সে ব্যাপারে তিনি আর খোঁজ নেননি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরী প্রথম আলোকে বলেন, মনোনয়ন বোর্ডের সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে জাকির হোসেন ওরফে জাহাঙ্গীরকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার সুপারিশ করা হয়েছে।