ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত দুজন মনোনয়নপ্রত্যাশীর সমর্থকেরা গতকাল শনিবারও কক্সবাজারের টেকনাফে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন।
গত শুক্রবারও আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত দুজন মনোনয়নপ্রত্যাশীর সমর্থকেরা কক্সবাজার-টেকনাফ ও টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়ক অবরোধ করেন।
দলীয় সূত্র জানায়, উপজেলার হ্নীলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান এইচ কে আনোয়ার। এর প্রতিবাদে শুক্রবারের মতো গতকালও কক্সবাজার-টেকনাফ সড়কের হ্নীলা বাসস্টেশন এলাকায় বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেন দলীয় মনোনয়নবঞ্চিত মাহবুব মোর্শেদের সমর্থকেরা। তাঁরা সড়কে লাঠিমিছিল করেন। এ সময় দল মনোনীত প্রার্থী এইচ কে আনোয়ারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
এ প্রসঙ্গে মাহবুব মোর্শেদ বলেন, ‘আমি এলাকার বাইরে আছি। শুনেছি দুই দিন ধরে আমার সমর্থক ও দলীয় নেতা-কর্মীরা সড়ক অবরোধ করে আন্দোলন করছেন। মুঠোফোনে নিষেধ করা সত্ত্বেও কেউ আমার কথা শুনছেন না।’
এইচ কে আনোয়ার বলেন, ‘দলীয় প্রধান আমাকে প্রার্থী ঘোষণা করেছেন। এর বিরুদ্ধে আন্দোলন করার অধিকার দলের কারও নেই।’
এদিকে সাবরাং ইউনিয়নের দল মনোনীত প্রার্থী সোনা আলীকে অযোগ্য ঘোষণা করে টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কে গতকালও বেশ কিছু কলাগাছ রোপণ করেছেন দলের মনোনয়নবঞ্চিত নুর হোসেনের সমর্থকেরা। গত শুক্রবারও এই সড়কে অবরোধ ও কলাগাছ রোপণ করেন তাঁরা।
দলীয় সূত্র জানায়, বাহারছড়া ইউনিয়নে দলের মনোনয়নপ্রত্যাশী ছিলেন ছয়জন। শুক্রবার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজ উদ্দিনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। এরপর অন্য পাঁচ মনোনয়নপ্রত্যাশী একজোট হয়ে মো. রফিক আলমকে প্রার্থী ঘোষণা করেন।
টেকনাফ উপজেলা যুবলীগের সদস্য রফিক আলম বলেন, আজিজ উদ্দিনের বিরুদ্ধে জঙ্গিসংশ্লিষ্টতা ও রোহিঙ্গাদের পৃষ্ঠপোষকতার অভিযোগ আছে। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। তাঁকে দলের মনোনয়ন দেওয়ায় এলাকার মানুষ হতাশ।
আজিজ উদ্দিন বলেন, যোগ্য প্রার্থী দেখে তাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে। এলাকার কুচক্রী মহল তাঁর নাম ইয়াবা ব্যবসায়ীদের তালিকায় ঢুকিয়ে দিয়েছে।
হোয়াইক্যং ইউনিয়নে দলের মনোনয়নপ্রত্যাশী ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আলমগীর চৌধুরী, উপজেলা সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দীন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের নেতা হারুন অর রশিদ সিকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদুল আলম জুয়েল। দলের মনোনয়ন পেয়েছেন ফরিদুল আলম।
আলমগীর চৌধুরী বলেন, যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থী দেওয়া না হলে এখানে নৌকার ভরাডুবি ঘটবে।
আগামী ২২ মার্চ কক্সবাজারের টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়া উপজেলার ১৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা বলেন, যাঁরা দলীয় মনোনয়ন পেয়েছেন, দলের নেতা-কর্মীরা তাঁদের পক্ষে কাজ করবেন, এটাই সিদ্ধান্ত। কেউ এর বিরুদ্ধে গেলে ব্যবস্থা নেওয়া হবে।