ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে তিনজন প্রার্থী তত্পরতা চালিয়ে যাচ্ছেন। একদিকে তাঁরা যেমন গণসংযোগ করছেন, তেমনি দলের উচ্চপর্যায়ের সুদৃষ্টির জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে দলের তৃণমূল নেতা-কর্মীরা এ আসনে দলের ভেতরকার কোন্দল মেটাতে দলীয়প্রধানের হস্তক্ষেপ কামনা করেছেন।এ আসনটি শূন্য ঘোষণার পর থেকে মাঠে রয়েছেন সদ্য-সাবেক সাংসদ জসিম উদ্দিন আহাম্মেদ। মনোনয়ন পাওয়ার আশায় গণসংযোগে নেমেছেন মীর মোবাশ্বের আলী ও ঢাকা মহানগর (দক্ষিণ) যুবলীগের সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী। শেষের দুজন গত নির্বাচনে মনোনয়ন চেয়েও পাননি। আর মনোনয়ন পেয়ে সাংসদ নির্বাচিত হন জসিম উদ্দিন। কিন্তু হাইকোর্টের রায়ে তাঁর সদস্যপদ বাতিল হয়ে যায়। গত ১০ ফেব্রুয়ারি জাতীয় সংসদের স্পিকার এ আসনটি শূন্য ঘোষণা করেন।দলীয় সূত্রে জানা যায়, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন এবং লালমোহন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও লালমোহন উপজেলা চেয়ারম্যান এ কে এম নজরুল ইসলাম জসিমের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এমনকি দলের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে তাঁরা জসিমকে দল থেকে বহিষ্কারেরও দাবি জানিয়েছেন। গত ৫ মার্চ এ কে এম নজরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে জসিমের বিরোধিতা করে বলেন, ‘নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ৫ বছরের মধ্যে জসিম প্রার্থী হতে পারবেন না।’তবে জসিম উদ্দিন বলেন, ‘আমি নির্বাচন করতে পারব। কারণ, ‘হাফিজ আমার বিরুদ্ধে অভিযোগ করেননি, করেছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। নির্বাচন কমিশনের ভুলের কারণে আমার সদস্যপদ শূন্য হয়েছে। উপজেলা চেয়ারম্যানরা জনগণকে ধোঁকা দিচ্ছেন, ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন।’তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম তালুকদার বলেন, ‘দীর্ঘ দিন পর এ আসনে আওয়ামী লীগের প্রার্থী জয়ী হলেও জয় ধরে রাখা গেল না। এখন এখানে এমন এক ব্যক্তিকে দলীয় মনোনয়ন দেওয়া উচিত, যাঁর গ্রহণযোগ্যতা রয়েছে ও যিনি লালমোহন-তজুমদ্দিনে দলীয় কোন্দলের অবসান করতে পারবেন। মনোনয়নপ্রত্যাশী নুরনবী চৌধুরী এবং মীর মোবাশ্বের আলী প্রথম আলোকে জানান, তাঁরা মনোনয়ন পেলে ও নির্বাচিত হলে লালমোহন-তজুমদ্দিনে দলের সব বিরোধ নিষ্পত্তি করবেন।