আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা আবদুর রাজ্জাকের মৃত্যুতে শূন্য ঘোষিত শরীয়তপুর-৩ আসনে মনোনয়ন পেতে চান ছাত্রলীগের কেন্দ্রীয় দুই সভাপতি ও রাজ্জাকপুত্রসহ পাঁচজন। অনেকে এলাকায় সমর্থকদের সংগঠিত করা শুরু করেছেন। আর বিএনপিতে মনোনয়নপ্রত্যাশী আছেন দুজন। আগামী ২১ মার্চের মধ্যে এই আসনে উপনির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।দলীয় সূত্রে জানা যায়, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আবদুর রাজ্জাক পাঁচবার এই আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন। গত ২৩ ডিসেম্বর তাঁর মৃত্যুতে আসনটি শূন্য হয়। এখনো তফসিল ঘোষণা না হলেও এই আসনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য তৎপরতা চালাচ্ছেন প্রয়াত আবদুর রাজ্জাকের ছেলে নাহিম রাজ্জাক, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি এনামুল হক শামীম, অপর সাবেক কেন্দ্রীয় সভাপতি বাহাদুর বেপারী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে ও সহসভাপতি সাবেদুর রহমান। বিএনপি নির্বাচনে অংশ নিলে মনোনয়ন প্রত্যাশা করছেন সাবেক সাংসদ হেমায়েত উল্যাহ আওরঙ্গ ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি। ডামুড্যা, গোসাইরহাট ও ভেদরগঞ্জ উপজেলার একাংশ দুটি গঠিত এই আসনের ভোটার সংখ্যা এক লাখ ৯৬ হাজার ৬১৫। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে ডামুড্যা উপজেলা আওয়ামী লীগ গত ৩১ ডিসেম্বর, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ৩ জানুয়ারি জরুরি বর্ধিত সভা করেছে। এসব সভায় নাহিম রাজ্জাককে মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়েছে। সভার কার্যবিবরণী আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তরে পাঠানো হয়েছে। ১৮ জানুয়ারি গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা আহ্বান করা হয়েছে।মনোনয়নপ্রত্যাশী অনল কুমার দে বলেন, আবদুর রাজ্জাকের মৃত্যুর শোক তাঁরা এখনো কাটিয়ে উঠতে পারেননি। তার পরও সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য নির্বাচনের প্রস্তুতি নিতে হচ্ছে। তিনিও মনোনয়ন চাচ্ছেন বলে জানান। সাবেদুর রহমান বলেন, ‘রাজ্জাক ভাইয়ের সম্মানে এত দিন মনোনয়ন চাইনি। নির্বাচন করার জন্য নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছি। দল মনোনয়ন দিলে নির্বাচন করব।’ এনামুল হক শামীম বলেন, ‘দল সাংগঠনিক যোগ্যতা বিবেচনা করে মনোনয়ন দিলে নির্বাচনে ভালো ফল করব।’ বাহাদুর বেপারী বলেন, ‘ছাত্ররাজনীতির পাশাপাশি নির্বাচনী এলাকায় কাজ করেছি। দল মনোনয়ন দিলে নির্বাচন করব।’ নাহিম রাজ্জাক বলেন, ‘বাবার মৃত্যুশয্যায় তাঁর পাশে ছিলাম। তিনি দেশের মানুষের দুঃখ-দুর্দশায় পাশে থাকার নির্দেশ দিয়ে গেছেন। দল মনোনয়ন দিলে নির্বাচন করব।’ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান বেপারী বলেন, আবদুর রাজ্জাকের কাজ সমাপ্ত করার জন্য নাহিম রাজ্জাককে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল মাস্টার বলেন, বর্ধিত সভায় উপস্থিত সব নেতা-কর্মী নাহিম রাজ্জাককে মনোনয়ন দেওয়ার পক্ষে মত দিয়েছেন। গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন বলেন, তৃণমূল নেতা-কর্মীরা নাহিম রাজ্জাককে মনোনয়ন দেওয়ার অনুরোধ জানিয়েছেন। এ বিষয়ে ১৮ জানুয়ারি বর্ধিত সভা আহ্বান করা হয়েছে। শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, উপনির্বাচনে বিএনপি অংশ নেবে কি না তা কেন্দ্র সিদ্ধান্ত নেবে। এই আসনে হেমায়েত উল্যাহ আওরঙ্গ ও মহিতুল গনি মনোনয়ন চাইছেন। তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে মনোনয়ন চূড়ান্ত করলে বিএনপি আশানুরূপ ফল পাবে। মহিতুল গনি বলেন, ‘দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় আছি। নির্বাচন করার জন্য তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের প্রস্তুত করছি।’ হেমায়েত উল্যাহ আওরঙ্গ মুঠোফোনে বলেন, ‘বিএনপি নির্বাচনে যাবে কি না বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। দলীয় সিদ্ধান্ত পাওয়ার পর এ বিষয়ে গণমাধ্যমে বক্তব্য দেব।’ শরীয়তপুর জেলা নির্বাচন কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সি জানান, জানুয়ারি মাসের শেষ সপ্তাহে উপনির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে নির্বাচন কমিশনে নির্বাচনসংক্রান্ত নানা তথ্য-উপাত্ত পাঠানো হয়েছে।