নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরি) আসনে আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। ওই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান বর্তমান সাংসদ রেবেকা মমিন। তাঁর মনোনয়ন প্রত্যাহার করে নব্বইয়ের গণ–আন্দোলনের অন্যতম নেতা শফি আহমেদকে মনোনয়ন দেওয়ার দাবিতে এসব কর্মসূচি পালন করা হয়।
জেলা শহরের মোক্তারপাড়া এলাকায় পৌরসভা কার্যালয়ের সামনের সড়কে গতকাল বুধবার দুপুরে মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরি আওয়ামী লীগের পরিবারবর্গের ব্যানারে ওই মানববন্ধন হয়। এতে মনোনয়নবঞ্চিত শফি আহমেদের নির্বাচনী এলাকার সহস্রাধিক সমর্থক উপস্থিত ছিলেন।
দুপুর পৌনে ১২টার দিকে শুরু হওয়া ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন মদন পৌর মেয়র আবদুল হান্নান, মদন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মুক্তিযোদ্ধা তরিকুল আলম, খালিয়াজুরি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলী আহম্মদ তালুকদার, আওয়ামী লীগের নেতা আরিফুজ্জামান মল্লিক, মোহনগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ইজাজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল হক, সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন, মদন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা লিটন বাঙালি, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আওয়াল শাওন, খালিয়াজুরি উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক স্বাগত সরকার প্রমুখ।
মানববন্ধনকারীদের অনেকেই রাস্তার ওপর শুয়ে প্রতিবাদ জানান। তাঁদের দাবি, শফি আহমদ এলাকায় একজন সজ্জন ব্যক্তি ও জনপ্রিয় নেতা। তিনি দীর্ঘদিন ধরে নির্বাচনী মাঠ গরম করে রাখছেন। ২০০৬ সালে দলের নিবেদিত এই নেতাকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হলেও এক-এগারোর প্রেক্ষাপটে সে নির্বাচন হয়নি। এরপর ২০০৮ সালে তাঁকে পুনরায় মনোনয়ন দেওয়া হয়। পরে তাঁর মনোনয়ন ফরমটি প্রত্যাহার করে ওই আসনে মনোনয়ন দেওয়া হয় রেবেকা মমিনকে। এবারও মনোনয়নবঞ্চিত হন শফি আহমদ।
বক্তারা বলেন, এই আসনে বিএনপি থেকে এবার মনোনয়ন দেওয়া হয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণীকে। তাহমিনা একজন শক্তিশালী প্রার্থী। তাঁকে প্রতিহত করতে হলে শফি আহমদের বিকল্প নেই। অন্যথায় আসনটি নৌকার হাতছাড়া হতে পারে।