টাঙ্গাইল-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শহিদুল ইসলাম। গতকাল সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে দলের সংসদীয় বোর্ডের সভায় শহিদুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়। সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের জানান, শহিদুল ইসলামকে সর্বসম্মতভাবে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে।টাঙ্গাইল-৩ আসনে আওয়ামী লীগের সাংসদ মতিউর রহমান মারা গেলে আসনটি শূন্য হয়। আগামী ১৮ নভেম্বর এই আসনে নির্বাচন। নির্বাচনে নজরুল ইসলাম খান, এস আকবর খান, মফিজুর রহমান তালুকদার, কোহিনুর হোসেন খান ও আমানুর রহমান খান আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছিলেন। সব মনোনয়নপ্রত্যাশীকে নিয়ে গতকাল সংসদীয় বোর্ডের সভা হয়। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সভায় দলের সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ সংসদীয় বোর্ডের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।