নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থী বাছাইয়ে মনোনয়ন-বাণিজ্যের অভিযোগ করেছেন বর্তমান ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী।
আইয়ুব আলী অভিযোগ করে বলেন, ‘তৃণমূলের ৬৫ জন সদস্যের মধ্যে তিনজন মারা গেছেন। ৬২ জনের মধ্যে বর্ধিত সভায় ৪৯ জন সদস্য আমাকে সমর্থন দিয়ে চাঁদখানা ইউনিয়নের একক প্রার্থী চূড়ান্ত করেন। কিন্তু উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, জেলা কমিটির সভাপতি ও সম্পাদকের সঙ্গে যোগসাজশ করে মোটা টাকার বিনিময়ে আমার নাম বাদ দিয়ে নাজিম উদ্দিন আলমের নাম কেন্দ্রে পাঠান। আমি এ বিষয়ে খালিদ মাহমুদ, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান নূরসহ প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করেছি, কেউ আমার কথা শুনলেন না।’
নাজিম উদ্দিন সম্পর্কে আইয়ুব বলেন, নাজিম ২০০৪ সালে নীলফামারী-৪ আসনের বিএনপির তৎকালীন সাংসদ আমজাদ হোসেন সরকার ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দেন। নাজিম ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের সংসদ নির্বাচনে বর্তমান নীলফামারী-৪ আসনের সাংসদ শওকত চৌধুরীর হয়ে জাতীয় পার্টির নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এখন আওয়ামী লীগে যোগ দিয়ে দলীয় মনোনয়ন গ্রহণ করেছেন।’
এদিকে মনোনয়ন না পেয়ে গতকাল মঙ্গলবার সকালে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে আইয়ুব এলে তাঁকে মোটরসাইকেল, পিকআপ, কার, মাইক্রোবাসে সহস্রাধিক নারী-পুরুষ নিয়ে যান। তাঁদের নিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে উপজেলা শহর প্রদক্ষিণ করেন আইয়ুব।
চাঁদখানা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান বলেন, দলীয়ভাবে আইয়ুবকে আওয়ামী লীগের মনোনয়নের জন্য তৃণমূলের সমর্থনে একক প্রার্থী নির্বাচন করা হলেও মনোনয়ন-বাণিজ্যের কাছে হার মেনেছে সে সিদ্ধান্ত।
এ ব্যাপারে মুঠোফোনে উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মো. জাকির হোসেন বলেন, ‘আইয়ুবকে একক প্রার্থী করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছিল। পরে এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে দুজনের নাম জেলায় পাঠাই। জেলা দুজনের নাম কেন্দ্রে পাঠায়। কেন্দ্র থেকে নাজিমকে মনোনয়ন দেওয়া হয়।’ তবে মনোনয়ন-বাণিজ্যের কথা অস্বীকার করে তিনি বলেন, ‘মনোনয়ন দেওয়ার ক্ষমতা কী আমাদের আছে? আমরা তো শুধু ডাকবাক্সের কাজ করি।’