আ.লীগের মনোনয়নপ্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান জানিয়েছে দলটি। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে দলটির সংসদীয় বোর্ডের বৈঠকে বরিশাল-৫ আসনের উপনির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বরিশাল-৫ (বরিশাল সদর) উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের ৪, ৫ ও ৬ মে বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। ফরমের দাম ২৫ হাজার টাকা ধার্য করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৮ মে বৃহস্পতিবার বিকেল পাঁচটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলটির সংসদীয় বোর্ডের মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীদের সাক্ষাৎকারের মাধ্যমে দলটির প্রার্থী চূড়ান্ত করা হবে।
গত ৯ এপ্রিল বরিশাল সদর আসনের সাংসদ ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র শওকত হোসেন মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষণা করা হয়। আগামী ১২ জুন বরিশাল-৫ (সদর) আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১১ মে। বাছাই করা হবে ১৪ মে আর প্রত্যাহারের শেষ সময় ২১ মে।