আ.লীগের মনোনয়নপ্রত্যাশীর পক্ষে শোভাযাত্রা, ভূরিভোজ!
দলীয় প্রার্থী মনোনয়নের আগে দলের কাছে নিজের শক্ত অবস্থান জানান দিতে পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা গতকাল বুধবার মোটরসাইকেল শোভাযাত্রা, মিছিল ও ভূরিভোজের আয়োজন করেন। তিনি পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি এনামুল হক বিশ্বাস। পাকশী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের অন্যতম মনোনয়নপ্রত্যাশী।
তাঁর দেওয়া হিসাবমতে, গতকাল শোভাযাত্রায় সাড়ে ৭০০ মোটরসাইকেল ছিল। শোভাযাত্রা শেষে পাকশী নর্থ বেঙ্গল পেপার মিলস রেস্ট হাউসের সামনে তাঁর সমর্থকদের জন্য ছিল দুপুরের খাবারের ব্যবস্থা। নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের দুই কর্মী বলেন, মোটরসাইকেলের তেল ও দুপুরের খাবারের জন্য অর্থ ব্যয় করেছেন এনামুল হক নিজেই।
ইউনিয়নের আওয়ামী লীগের তিনজন নেতা বলেন, ঈশ্বরদীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৮ মে। আগামী ১ এপ্রিল পাকশীতে আওয়ামী লীগের বর্ধিত সভা হওয়ার কথা রয়েছে। ওই সভায় উপজেলার নেতারা উপস্থিত থাকবেন। তাঁদের কাছে নিজের শক্ত অবস্থান বোঝানোর জন্য এনামুল হক বিশ্বাস গতকাল মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করেন।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে পাকশীর রূপপুর বিবিসি বাজার থেকে মোটরসাইকেল শোভাযাত্রা শুরু হয়। এ সময় রূপপুর মোড়ে যানজটের সৃষ্টি হয়। মহড়ার সময় এনামুল হক বিশ্বাসের সমর্থকেরা তাঁকে দলীয় চেয়ারম্যান প্রার্থী ঘোষণার দাবিতে স্লোগান দেন। এরপর একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলের সামনে ছিলেন এনামুল হক বিশ্বাস।
এনামুল হক বিশ্বাস জানান, তিনি দলের মনোনয়নপ্রত্যাশী। তাঁর প্রচুর সমর্থক রয়েছে। সমর্থকেরা তাঁকে ভালোবেসে গতকাল দুপুরের খাবারসহ সব খরচের ব্যবস্থা করেন। তিনি শুধু মিছিলে অংশ নেন।