আ.লীগের মর্যাদার লড়াই ছাড় দেবে না জেএসএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী সোমবার রাঙামাটি জেলার সর্বশেষ তিনটি উপজেলা পরিষদের নির্বাচনকে আওয়ামী লীগ নেতা-কর্মীরা মর্যাদার লড়াই হিসেবে দেখছেন। অপর দিকে জনসংহতি সমিতি কোনো অবস্থাতে ছাড় দিতে রাজি নয়। উপজেলা তিনটি হচ্ছে রাঙামাটি সদর, বিলাইছড়ি ও রাজস্থলী।
২০০৮ সালে বিএনপি ও জনসংহতি সমিতি উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেনি। সে কারণে রাঙামাটি জেলার ১০টি উপজেলা পরিষদের মধ্যে সাতটিতে জয় পেয়েছিল আওয়ামী লীগ। কিন্তু চলমান উপজেলা পরিষদ নির্বাচনে সাতটি উপজেলা পরিষদে হয়ে যাওয়া নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মাত্র একটিতে জয় পেয়েছে।
অপর দিকে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি ইতিমধ্যে চেয়ারম্যান পদে চারটি উপজেলায় জয় পেয়েছে। বিএনপি এবং জনসংহতি সমিতি (এমএন লারমা) পেয়েছে একটি করে।
কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবিতে রাঙামাটি জেলা আওয়ামী লীগে অস্বস্তি বাড়ছে। তাই দলীয় নেতা-কর্মীরা অবশিষ্ট তিনটি উপজেলা পরিষদে দলীয় প্রার্থীদের জয়ী করতে মরিয়া হয়ে উঠেছেন। তাঁরা এই তিনটি উপজেলা পরিষদ নির্বাচনকে মর্যাদার লড়াই হিসেবে দেখছেন।
তাঁদের মতে, দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে যে তিনটি উপজেলায় নির্বাচন হচ্ছে, তার মধ্যে অন্তত দুটি উপজেলায় তাদের জয় দরকার। ২০০৮ সালের নির্বাচনে রাঙামাটি সদর ও বিলাইছড়ি উপজেলা পরিষদে আওয়ামী লীগের প্রার্থীরা চেয়ারম্যান হয়েছিলেন। এবারও ওই দুটি উপজেলায় চেয়ারম্যান পদটি ধরে রাখার পাশাপাশি রাজস্থলী উপজেলায় জয়লাভের চেষ্টা চলছে। সে কারণে বিএনপির নেতা উথিনচিং মারমাকে দলে নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। ২০০৮ সালে রাজস্থলী উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। কিন্তু এবার সেখানে জাতীয় পার্টির কোনো প্রার্থী নেই।
রাঙামাটি সদর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান জাকির হোসেন, বিএনপির মাহবুবুল বাসেত ও জনসংহতি সমিতির প্রার্থী মগবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা। রাজস্থলী উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী উথিনচিং মারমা, বিএনপির প্রার্থী থোয়াইসুই খই মারমা এবং জনসংহতি সমিতির প্রার্থী বুলুখই মারমা। বিলাইছড়ি উপজেলায় বিএনপির কোনো প্রার্থী নেই। আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান জয়সেন তঞ্চঙ্গ্যা, জনসংহতি সমিতির প্রার্থী শুভমঙ্গল চাকমা এবং স্বতন্ত্র প্রার্থী উৎপল বিকাশ তঞ্চঙ্গ্যা।
রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহ আলম বলেন, ‘আমাদের নেতা-কর্মীরা দলের প্রার্থীকে জয়ী করতে রাতদিন পরিশ্রম করছেন। আমি নিজেও দুটো উপজেলাতেই জনসংযোগে যাচ্ছি। ভোটাররাও ইতিবাচক সাড়া দিচ্ছেন।’
জনসংহতি সমিতির সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা দলের প্রার্থীর পক্ষে জনসংযোগে বিলাইছড়ি উপজেলায় রয়েছেন। সেখান থেকে মুঠোফোনে বলেন, ‘মানুষ জনসংহতি সমিতির পক্ষে রয়েছে। মানুষ পরিবর্তন চায়। আশা করছি তিনটি উপজেলাতে আমাদের প্রার্থীরা জয়ী হবেন।’
রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বর বলেন, ‘আমরা আশাবাদী, আমাদের প্রার্থীরা জয়ী হবেন, যদি দুর্গম এলাকাগুলোতে আঞ্চলিক দলের লোকেরা কেন্দ্র দখল না করে।’