আ.লীগের মুখোশ খুলে দিলেন নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারি কর্মকর্তাদের হুমকি দিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. নাসিম তাঁর দলের মুখোশ খুলে দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এ মন্তব্য করেন। প্রয়াত সাংবাদিক আতাউস সামাদের স্মরণে ‘আতাউস সামাদের স্বপ্ন ও আজকের বাংলাদেশ’ শীর্ষক ওই আলোচনার আয়োজন করে মুক্তিযোদ্ধা গণপরিষদ।
এর আগের দিন বুধবার এক অনুষ্ঠানে মো. নাসিম বলেছিলেন, ‘সরকারের কর্মকর্তা যাঁরা আছেন, তাঁদের আমাদের কথা অনুযায়ী চলতে হবে। যাঁরা নির্দেশ মানবেন না, তাঁদের কপালে দুঃখ আছে। নির্দেশনা না মানলে তাঁদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে।’ এই বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, এখনই তাঁরা এ কথা বলছেন, যখন নির্বাচন হবে, তখন কী বলবেন। এটাই আওয়ামী লীগের আসল চরিত্র।
আতাউস সামাদের স্মৃতিচারণা করে মির্জা ফখরুল বলেন, আতাউস সামাদ যেকোনো ক্রান্তিলগ্নে লেখনীর মাধ্যমে জনগণের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি কোনো দলের ছিলেন না, সব সময় তিনি মানুষের মনের কথা বলতেন।
সভায় অন্যান্যের মধ্যে সাংবাদিক শফিক রেহমান, গণস্বাস্থ্যকেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ প্রমুখ আলোচনায় অংশ নেন।