আ.লীগের মেয়র পদপ্রার্থীর পক্ষে ফের মাইকিং
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে জেলা আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থীর বিরুদ্ধে আবারও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। গতকাল রোববার সকালে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী মো. নূরুল হক ভূঁইয়ার পক্ষে শহরে দুটি মাইকে প্রচার চালানো হয়। অবশ্য এক ঘণ্টার মধ্যে পুলিশের ধাওয়ায় প্রচারণা বন্ধ হয়ে যায়। এর আগে গত সোমবার বিকেলে ওই প্রার্থীর পক্ষে প্রচারপত্র বিলি করা হয় বলে অভিযোগ রয়েছে।স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, সকাল নয়টা থেকে দুটি মাইকে পৌর শহরের বিভিন্ন স্থানে প্রচার চালানো হয়। এতে বলা হয়, সব জল্পনা-কল্পনা শেষে কেন্দ্রীয় আওয়ামী লীগের এক বৈঠক থেকে আখাউড়া পৌরসভার দলীয় একক মেয়র পদপ্রার্থী হিসেবে মো. নূরুল হক ভূঁইয়ার নাম ঘোষণা দেওয়া হয়েছে। তাই দলের এই প্রার্থীর পক্ষে উপজেলা ও পৌর আওয়ামী লীগের সব নেতা-কর্মীকে কাজ করতে নির্দেশ দেওয়া গেল। মাইকিংয়ের নিবেদক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী আবদুল মতিন। যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, দলের সিদ্ধান্তমতে তিনি এই মাইকিং করিয়েছেন।উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, সকালে দুটি মাইকে একজন মেয়র পদপ্রার্থীর পক্ষে প্রচার চলছে বলে মুঠোফোনে তাদের কাছে সংবাদ আসে। বিষয়টি নিশ্চিত হয়ে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে জানানো হয়।আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলায়েত হোসেন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার নির্দেশে পুলিশ মাইক ধরতে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে যারা মাইকিং করছিল, তারা পালিয়ে যায়।এর আগে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মো. মাইনুল ইসলামকে দলের মেয়র পদপ্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়। ওই সিদ্ধান্তটি গত সোমবার মাইকিং করে শহরবাসীকে জানানো হয়। একই দিন বিকেলে জেলা আওয়ামী লীগ-সমর্থিত দলের মেয়র পদপ্রার্থী নূরুল হক ভূঁইয়া বলে প্রচারপত্র বিলি করা হয়।মেয়র পদপ্রার্থী মো. নূরুল হক ভূঁইয়া দাবি করেন, তিনি কোনো প্রচার চালাননি। যে মাইকিং করা হয়েছে, তা উপজেলা আওয়ামী লীগ করেছে। এর দায় তিনি নেবেন না।আখাউড়ার রিটার্নিং কর্মকর্তা কাজী মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, এখনো প্রতীক বরাদ্দ হয়নি। তাই যে মাইকিং হয়েছে, তা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। এই বিষয়ে পুলিশকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। কেউ লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।