আ.লীগের মেয়র প্রার্থীদের প্রচারণায় শমী কায়সার
দিনাজপুরের বীরগঞ্জ, পঞ্চগড় ও নীলফামারীর সৈয়দপুর পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের মেয়ে ও বিশিষ্ট অভিনেত্রী শমী কায়সার। গতকাল বুধবার ও গত মঙ্গলবার এ প্রচারণায় অংশ নেন তিনি। এ সময় তিনি যুদ্ধাপরাধী বা তাদের দোসরদের ভোট না দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান।
মঙ্গলবার রাতে শমী কায়সার আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাকিয়া খাতুনের সমর্থনে পঞ্চগড় শহরের জালাসী মহল্লায় একটি প্রচারণা সভায় অংশ নেন। এ সময় তিনি বলেন, চিহ্নিত স্বাধীনতাবিরোধী ও তাদের দোসর বিএনপিকে মুক্তিযুদ্ধের আদর্শ আর চেতনা দিয়ে পরাজিত করতে হবে। তিনি আরও বলেন, ‘কখনো ভাবিনি আমার বাবার হত্যাকারীদের বিচার পাব। কিন্তু শেখ হাসিনার সাহসী নেতৃত্বেই এটা সম্ভব হয়েছে।’ তিনি যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন এবং দেশকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নেওয়ার ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিতে আহ্বান জানান। সভায় অন্যান্যের মধ্যে ছিলেন জেলা আওয়ামী লীগের নেতা ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত, যুব মহিলা লীগের অপু উকিল, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাফিয়া রহমান, ইয়াসমিন হোসেন, জেলা আওয়ামী লীগের নেতা মজাহারুল হক প্রধান, মির্জা সারোয়ার হোসেন।
এর আগে মঙ্গলবার বিকেলে শমী কায়সার বীরগঞ্জে পথসভায় অংশ নেন। সেখানে তিনি বীরগঞ্জে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মোশারফ হোসেনের পক্ষে প্রচারণা চালান। শহরের পুরাতন শহীদ মিনার মোড় এলাকায় এ পথসভা হয়।
বীরগঞ্জ থেকে পঞ্চগড় হয়ে শমী কায়সার গতকাল আসেন সৈয়দপুরে। এখানে গতকাল দুপুরে শহরের পাঁচমাথা মোড়ে এক পথসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী সাখাওয়াৎ হোসেনের পক্ষে ভোট প্রার্থনা করেন তিনি। পথসভায় তিনি বলেন, ‘অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকন মুক্তিযুদ্ধে শহীদের সন্তান। আমি নিজেও একজন শহীদের সন্তান হিসেবে তাঁর জন্য ভোট চাইতে এসেছি।’ এখানে পথসভায় সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সভাপতি জাওয়াদুল হক সরকার, উপজেলা আওয়ামী লীগের নেতা আখতার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।