আ.লীগের মেয়র প্রার্থীর ইশতেহার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতাউর রহমান তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। গতকাল শনিবার তিনি হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে আতাউর রহমান পৌরসভা উন্নয়নে তাঁর ইশতেহারের অন্তর্ভুক্ত ১৫টি প্রতিশ্রুতি তুলে ধরেন। এর মধ্যে তিনি পৌর কর বৃদ্ধি না করা, শহরের জলাবদ্ধতা দূর করা, পৌরসভাকে রাজনৈতিক ও দলীয় প্রভাবমুক্ত রাখা, সুপেয় ও বিশুদ্ধ পানি সরবরাহের উদ্যোগ নেওয়া, শহরকে সবুজের সমারোহে পরিণত করা ও শিশুদের চিত্তবিনোদনের জন্য শিশুপার্ক নির্মাণের কথা বলেন। এ ছাড়া তিনি শহরের পুরোনো খোয়াই নদ দখলমুক্ত এবং নারী ও শিশুদের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন।
আওয়ামী লীগের এ মেয়র প্রার্থী বলেন, এ পৌরসভায় গত ১০ বছর কোনো উন্নয়ন হয়নি। এ বিষয়ে বাংলাদেশ পৌরসভা উন্নয়ন তহবিল (বিএমডিএফ) এবং নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পসহ সব প্রকল্পে বর্তমান সরকারের পক্ষ থেকে সহযোগিতার হাত প্রসারিত থাকলেও পৌরসভার বরখাস্ত হওয়া মেয়র ও বিএনপির নেতা জি কে গউছের অসহযোগিতার কারণে তা বাস্তবায়ন করা যায়নি। রাজনৈতিক প্রতিহিংসায় বঞ্চিত হয়েছেন পৌরবাসী।
জি কে গউছ কারাগারে থাকায় এ বিষয়ে তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
ইশতেহার ঘোষণাকালে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক মুর্তজা আলী ও মশিউর রহমান শামীম, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি নিলাদ্রী শেখর পুরকায়স্থ, সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, আওয়ামী লীগের স্থানীয় নেতা শরীফ উল্লাহ, শেখ শামছুল ইসলাম, আকবর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।