আ.লীগের মেয়র প্রার্থীর নির্বাচনী সমাবেশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আজাদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে কয়েক শ নেতা-কর্মী ও সমর্থকের উপস্থিতিতে এক সমাবেশের আয়োজন করেন ওই প্রার্থী, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল।জানা গেছে, চট্টগ্রাম বিভাগে দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেনের আগমন উপলক্ষে ওই সমাবেশের আয়োজন করা হয়। প্রায় এক ঘণ্টা স্থায়ী সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় ওই নেতা দলীয় প্রার্থীর পক্ষে ভোট চান এবং প্রার্থী জয়ী হলে এলাকায় উন্নয়নের প্রতিশ্রুতি দেন।প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পুলিশ প্রটোকলসহ আহম্মদ হোসেনের গাড়িবহর শুক্রবার সন্ধ্যা ছয়টায় উপজেলা পরিষদ চত্বরে ঢোকে। সে সময় আজাদ উদ্দিনের কয়েক শ কর্মী ও সমর্থক লাইনে দাঁড়িয়ে থেকে কেন্দ্রীয় নেতাকে স্বাগত জানান। এ সময় কর্মী-সমর্থকেরা আজাদ উদ্দিনের দোয়াত-কলম প্রতীকের পক্ষে স্লোগান দেন। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেনসহ অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দী, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক মিজানুর রহিম ও আবদুর রব চৌধুরী। তখন রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান বেগম রোকেয়া আজাদ উপস্থিত ছিলেন।সমাবেশে আহম্মদ হোসেন বলেন, আজাদ উদ্দিন নির্বাচিত হলে মেঘনার ভাঙন থেকে রামগতিকে রক্ষা করাসহ পৌরসভার রাস্তাঘাটের উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া মহাজোট সরকারের বর্তমান মেয়াদের মধ্যেই পৌর এলাকায় ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে।বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী শাহেদ আলী অভিযোগ করেন, সরকারি দল-সমর্থিত ওই প্রার্থী আচরণবিধি তোয়াক্কা করছেন না। তিনি ওই প্রার্থীর দ্বারা নির্বাচনী পরিবেশ নষ্ট হওয়ারও আশঙ্কা করছেন।দৃষ্টি আকর্ষণ করা হলে মেয়র প্রার্থী আজাদ উদ্দিন চৌধুরী বলেন, ‘কেন্দ্রীয় নেতার আগমন উপলক্ষে কর্মিসভা করা হয়েছে। কোনো মিছিল ও সমাবেশ করা হয়নি।’ আহম্মদ হোসেনকে পুলিশ প্রটোকল দেওয়ার কথা অস্বীকার করে রামগতি থানার ওসি মো. ইসমাইল হোসেন মিয়া বলেন, আজাদনগর এলাকায় কাজ শেষে থানায় ফেরার পথে আহম্মদ হোসেনের গাড়িবহরের সঙ্গে দেখা হয়। তাঁকে কোনো প্রটোকল দেওয়া হয়নি। রামগতির রিটার্নিং কর্মকর্তা জসীম উদ্দীন হায়দার বলেন, ‘মুঠোফোনে অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’