আ.লীগের মেয়র প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বিপুল চন্দ্র হাওলাদারের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী হুমায়ুন কবির।
গতকাল মঙ্গলবার লিখিতভাবে এ অভিযোগ প্রধান নির্বাচন কমিশনার, পটুয়াখালীর জেলা প্রশাসক এবং কলাপাড়া পৌরসভা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
হুমায়ুন কবির লিখিত অভিযোগে উল্লেখ করেন, বিপুল চন্দ্র হাওলাদার ৫ ডিসেম্বর বিকেল চারটায় ২ নম্বর ওয়ার্ডের পুরোনো হাসপাতাল মাঠে, একই দিন রাতে ৮ নম্বর ওয়ার্ডে, ৬ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় ১ নম্বর ওয়ার্ডের নাচনাপাড়া এলাকার চৌরাস্তায়, ৭ ডিসেম্বর বিকেল চারটায় খেপুপাড়া নেছারুদ্দিন সিনিয়র মাদ্রাসার শ্রেণিকক্ষ ব্যবহার করে এবং সন্ধ্যা সাতটায় ৩ নম্বর ওয়ার্ডের রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দলের কর্মী-সমর্থকদের নিয়ে সভা করেছেন।
প্রতিটি সভাতেই তিনি কর্মী-সমর্থকদের উদ্দেশে মাইক ব্যবহার করে বক্তব্য দিয়েছেন।
এ ছাড়া আওয়ামী লীগ প্রার্থী নিজে সব নিয়ম ভঙ্গ করে গায়ের জোরে-টাকার জোরে ২০-২৫টি মোটরসাইকেলে করে সন্ত্রাসী কর্মী বাহিনী নিয়ে পৌর শহরের সড়কগুলোতে একধরনের ‘সন্ত্রাসী স্টাইলে’ মহড়া দেন।
এতে সাধারণ জনগণসহ ভোটারদের মধ্যে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে।
হুমায়ুন কবির অভিযোগ করেন, ‘১০ ডিসেম্বরের আগে কোনো ধরনের সভা-সমাবেশ করার কথা নয়। বিপুল চন্দ্র হাওলাদার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে তা করছেন। আমরা নির্বাচন কমিশনের ওপর পুরোপুরি আস্থা রেখে, তাদের কথায় বিশ্বাস করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। নির্বাচন কমিশনের কাছে প্রত্যাশা, আমাদের আশা-ভরসা যেন নষ্ট না হয়।’
তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিপুল চন্দ্র হাওলাদারের আচরণবিধি লঙ্ঘন-সংক্রান্ত কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে নির্বাচনী পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।
বিপুল চন্দ্র হাওলাদার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আওয়ামী লীগ একটি বড় দল। আমি সে দলের প্রার্থী। আমি কোথাও বের হলে আমার সঙ্গে কর্মী-সমর্থকেরাও যান। সেটা প্রচারণার মধ্যে পড়ে না।’
তবে তিনি পাল্টা অভিযোগ করে বলেন, বিএনপির প্রার্থী হুমায়ুন মঙ্গলবার বেলা ১১টার সময় খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে গণসংযোগ করেছেন।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলাপাড়া পৌরসভা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘এখনো এ অভিযোগ আমার হাতে এসে পৌঁছায়নি। তবে অভিযোগ পাওয়া গেলে আমি তদন্তপূর্বক ব্যবস্থা নেব।’