আ.লীগের বিদ্রোহী মেয়র প্রার্থীর সভায় হামলা
যশোরের নওয়াপাড়া পৌরসভার আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থীর কর্মিসভায় হামলা হয়েছে। আজ শুক্রবার বিকেলে চালানো ওই হামলার পর সভা পণ্ড হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এ ঘটনার পর নওয়াপাড়া বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকেরা ওই হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বিদ্রোহী মেয়র প্রার্থী ফারুক হোসেন অভিযোগ করেন, আজ বেলা তিনটার দিকে তিনি নওয়াপাড়া বাজারে তাঁর নির্বাচনী কার্যালয়ে কর্মিসভা ডাকেন। কর্মীরা বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করলে বিকেল চারটার দিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সুশান্ত দাসের দুই শতাধিক কর্মী-সমর্থক লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা চালান । তাঁরা দুটি বোমার বিস্ফোরণ ঘটানএবং যশোর-খুলনা মহাসড়কে অবস্থান নেন। এর ফলে কার্যালয়ে কর্মীরা অবরুদ্ধ হয়ে পড়েন। এ সময় মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ এসে পাঁচটি ফাঁকা গুলি ছুড়লে হামলাকারীরা পালিয়ে যান। হামলায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গাজী নজরুল ইসলামসহ আরও পাঁচজন আহত হন। আহত লোকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুশান্ত দাস দাবি করেন, এ ঘটনার সঙ্গে তাঁর নেতা-কর্মীদের সংশ্লিষ্টতা নেই।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির যদ্দিন বলেন, ‘কর্মিসভায় হামলা হয়েছিল। খবর পেয়ে পুলিশ পাঁচটি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।’