গাজীপুরের শ্রীপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র আনিছুর রহমান। এ মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের উপজেলা, পৌর কমিটি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উপজেলার একাধিক নেতা-কর্মী বলেন, গাজীপুর সিটি করপোরেশন হওয়ার পর বর্তমানে পৌরসভা রয়েছে তিনটি। এর মধ্যে কালিয়াকৈর ও কালীগঞ্জ পৌরসভার মেয়াদ শেষ না হওয়ায় এ বছর নির্বাচন হচ্ছে না। তাই গাজীপুরবাসীর নজর শ্রীপুর পৌরসভার দিকে। এ পৌরসভায় বিএনপির একক প্রার্থী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ শহীদ। দল থেকে অন্য কেউ প্রার্থী না হওয়ায় সবাই তাঁকে নিয়েই কাজ শুরু করেছেন। আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন ছয়জন। এর মধ্যে বর্তমান পৌর মেয়র আনিছুর রহমান ও শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মো. নজরুল ইসলাম ছিলেন আলোচনার কেন্দ্রে। এলাকায় বলাবলি হচ্ছে, নজরুল ইসলাম শ্রীপুরের বর্তমান সাংসদ রহমত আলীর ছেলে জামিল হাসান ওরফে দুর্জয়ের অনুসারী। আর আনিছুর রহমান উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেনের অনুসারী।
আওয়ামী লীগের সূত্র জানায়, গত ৩০ নভেম্বর তৃণমূল নেতাদের সুপারিশে আনিছুর ও নজরুলের নাম কেন্দ্রে পাঠানো হয়। ওই দিন রাতেই কেন্দ্র আনিছুরের মনোনয়ন চূড়ান্ত করে। এরপর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে তিনি সমর্থকদের নিয়ে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে তালা দেখতে পান। এ ছাড়া তাঁর সঙ্গে উপজেলা, পৌর ও ছাত্রলীগের কোনো নেতা-কর্মী যোগাযোগ করেননি। তাঁর সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, সর্বশেষ জাতীয় নির্বাচনের পর থেকে শ্রীপুরে আওয়ামী লীগে বিভেদের সৃষ্টি হয়। এক পক্ষের নেতৃত্ব দেন জামিল হাসান এবং অন্য পক্ষে নেতৃত্ব দেন সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন। গত উপজেলা নির্বাচনের সময় দুই পক্ষের সংঘর্ষ ও সংঘর্ষের সময় ছাত্রলীগের নেতা আল আমিনের মৃত্যুকে কেন্দ্র করে বিভেদ আরও প্রকট হয়।
পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘সংগঠনে কিছু সমস্যা আছে। প্রথমে সেগুলো সমাধান করতে হবে। এরপর আনিছুর রহমানের সঙ্গে কাজ করব কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম বলেন, ‘দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। দলীয় মনোনয়ন যঁাকে দেওয়া হয়েছে তিনি আমার বড় ভাই। তাই তাঁর পক্ষে কাজ করব।’
আনিছুর রহমান বলেন, নানা কারণে অভিমান করে অনেকেই দূরে আছেন। তবে দু-এক দিনের মধ্যে সবাই তাঁর পক্ষে মাঠে নামবেন।
গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, দল থেকে যাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে, সব নেতা-কর্মী তাঁর পক্ষে কাজ করবেন বলে তিনি আশাবাদী।