আ.লীগের মোটরসাইকেল মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরে গতকাল শনিবার দিনভর আওয়ামী লীগের সমর্থকেরা মোটরসাইকেলে নির্বাচনী মহড়া দিয়েছেন। শহরের প্রধান সড়কগুলোতে সকাল থেকে বেলা তিনটা পর্যন্ত আনুমানিক এক হাজার মোটরসাইকেল বর্তমান সাংসদ ও নৌকার স্লোগান দিয়ে মহড়া দেয়।
মহড়ায় বিপুলসংখ্যক মোটরসাইকেল দেখে সাধারণ মানুষ আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত হয়ে গেছে ভেবে বিভ্রান্ত হন।
গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপাড়, নতুন বাজার, ত্রিশাল বাসস্ট্যান্ডসহ বিভিন্ন সড়কে দেখা যায় খণ্ড খণ্ড মহড়া। প্রত্যেকের মাথায় কাপড়ের ফিতা বাঁধা। অনেকের ফিতায় ময়মনসিংহ সদর আসনের বর্তমান সাংসদ মতিউর রহমানের নাম লেখা। কারও কারও হাতে সাংসদের ছবিসংবলিত পোস্টার। মহড়ায় বিপুলসংখ্যক মোটরসাইকেল দেখে রাস্তার দুই পাশের অনেক মানুষই বিভ্রান্ত হয়েছেন।
ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান ফকির, পৌরসভার মেয়র মো. ইকরামুল হকসহ কমপক্ষে নয়জন এ আসন থেকে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন। এর আগেও মনোনয়ন ফরম কেনার বিষয়টি ভোটারদের মাঝে প্রচার করার জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর মেয়রের সমর্থকেরাও শহরে মোটরসাইকেল মহড়া দিয়েছেন। কিন্তু গতকাল বিপুলসংখ্যক মোটরসাইকেলে মহড়া আর নেতা-কর্মীদের উচ্ছ্বাস দেখে অনেকেই মনে করেন, বর্তমান সাংসদ আবারও মনোনয়ন পেয়েছেন।
বেলা দুইটার দিকে শহরের নতুন বাজার বাউন্ডারি রোড মোড় এলাকায় বিপুলসংখ্যক মোটরসাইকেলের মহড়া দেখে নূর মোহামঞ্চদ নামের এক পথচারী তাঁর পাশের জনের কাছে জানতে চান, আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত হয়ে গেছে কি না। পাশের জন আবুল হাসেম প্রশ্নের উত্তর দিতে না পেরে নিজেও দ্বিধায় পড়েন।
মহড়ায় অংশ নিতে আসা মো. আলম নামের এক কর্মী জানান, ময়মনসিংহ শহর ও আশপাশের বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় কর্মীরা মহড়ায় অংশ নিয়েছেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন সরকার গতকাল শনিবার প্রথম আলোকে জানান, সারা দেশের মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে প্রধানমন্ত্রী বসবেন। এরপর চূড়ান্ত হবে মনোনয়ন। তবে অনেকেই তাঁদের পছন্দের প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর জন্য মোটরসাইকেলে চড়ে মহড়া দিচ্ছেন।