আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নানক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। একই সঙ্গে সাংসদ বীর বাহাদুরকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে।গতকাল শুক্রবার দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা কেন্দ্রীয় কাউন্সিলের প্রদত্ত ক্ষমতাবলে ও গঠনতন্ত্র মোতাবেক দলের যুগ্ম সাধারণ সম্পাদকের শূন্যপদে নানককে এবং সাংগঠনিক সম্পাদক পদে বীর বাহাদুরকে মনোনয়ন দেন। দলের গঠনতন্ত্রে যুগ্ম সাধারণ সম্পাদকের পদ তিনটি। অপর দুই যুগ্ম সাধারণ সম্পাদক হলেন মাহবুব উল আলম হানিফ ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। আওয়ামী যুবলীগের সাবেক চেয়ারম্যান নানক এত দিন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।নানক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় এক যুক্ত বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুবলীগের চেয়ারম্যান মো. ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মির্জা আজম। এ ছাড়া প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন ঢাকা মহানগর যুবলীগের (দক্ষিণ) সভাপতি মহিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সাংসদ নুরুন্নবী চৌধুরী, মহানগর যুবলীগের (উত্তর) সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান প্রমুখ।