জাতীয় সংসদে গত বুধবার দেওয়া রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের বক্তব্য প্রত্যাখ্যান করেছে বিএনপি। দলটি বলেছে, এই বক্তব্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।গতকাল জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেছেন, আওয়ামী লীগের লেখা বক্তব্য রাষ্ট্রপতি তোতা পাখির মতো পড়েছেন। ভাষণে মিথ্যাচার করা হয়েছে, ভুল তথ্য দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, রাষ্ট্রপতি পদটি সর্বজনশ্রদ্ধেয় পদ। যেই মুহূর্তে জিল্লুর রহমান রাষ্ট্রপতি হয়েছেন, তখন থেকে তাঁর আর কোনো দল নেই। তিনি সবার রাষ্ট্রপতি। কিন্তু সংসদে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি আওয়ামী লীগের কথাই বলেছেন। তাঁর বক্তব্যে নিরপেক্ষতা প্রতিফলিত হয়নি।মির্জা ফখরুল বলেন, সরকারের ব্যর্থতার কারণে দেশে মুদ্রাস্ফীতি বেড়েছে। সাধারণ মানুষ ভালো নেই। জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। অথচ রাষ্ট্রপতি তাঁর বক্তব্যে উন্নয়নের নানা ফিরিস্তি দিয়েছেন। এটা পুরোপুরি বাস্তবতাবর্জিত। কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারপারসন সেলিমা রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান প্রমুখ।