যশোরের চৌগাছা পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থীর মূল প্রতিদ্বন্দ্বী দলটির বিদ্রোহী প্রার্থী। আর বিএনপির প্রার্থীর অন্যতম প্রতিদ্বন্দ্বী জামায়তে ইসলামীর নেতা। এতে পৌরসভায় লড়াইটা হবে চতুর্মুখী। বিভিন্ন দলের তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে এমন আভাস পাওয়া গেছে।
পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী যুবলীগের সদস্য নূর উদ্দীন আল মামুন, বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের বিলুপ্ত কমিটির যুগ্ম সম্পাদক এস এম সাইফুর রহমান। বিএনপির প্রার্থী বর্তমান মেয়র সেলিম রেজা আওলিয়ার। এ ছাড়া জামায়াতের নেতা ও বর্তমান পৌর কাউন্সিলর কামাল আহমেদও প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তৃণমূলের বেশ কয়েকজন নেতা-কর্মী বলেন, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমানসহ বিলুপ্ত কমিটির অধিকাংশ নেতা সাইফুর রহমানের পক্ষে প্রচারণায় নেমেছেন। সাইফুর হাবিবুরের আপন ভাতিজা। এ কারণে ‘নৌকা’ প্রতীকের ভোট ভাগ হয়ে যাচ্ছে। এ ছাড়া পৌর এলাকার মোট ১৪ হাজার ৯৪৪ ভোটের মধ্যে জামায়াতে ইসলামীর অন্তত দুই হাজার ভোট রয়েছে। পৌরসভার বর্তমান ১২ জন কাউন্সিলরের মধ্যে তিনজন জামায়াত-সমর্থিত। এ কারণে ভোটের মাঠে জামায়াতকে গুরুত্বপূর্ণ মনে করছেন বিএনপির প্রার্থী ও নেতা-কর্মীরা।
বিএনপির প্রার্থী সেলিম রেজা আওলিয়ার প্রথম আলোকে বলেন, জামায়াতের যেহেতু একটি নির্দিষ্টসংখ্যক ভোট আছে, সেহেতু তাদের প্রার্থী না থাকলে নির্বাচনে জয়ের ব্যবধানটা বেশি হতো। তারপরও ধানের শীষের সব ভোট বাক্সে পড়লে তেমন সমস্যা হবে না। বিএনপির সবাই তাঁর পক্ষে কাজ করছেন বলেও তিনি দাবি করেন।
পৌরসভার বর্তমান কাউন্সিলর ও প্যানেল মেয়র কামাল আহমেদ বলেন, ‘জামায়াতের ভোট নিয়ে বিএনপির প্রার্থী প্রত্যেকবার নির্বাচিত হন। এবারের ভোটে চৌগাছা পৌরসভায় জামায়াতের প্রার্থীকে ছাড় দেওয়ার জন্য বিএনপির কাছে প্রস্তাব দেওয়া হয়। কিন্তু বিএনপি সেই প্রস্তাবে সাড়া দেয়নি। এ কারণে দলের সিদ্ধান্তে আমি প্রার্থী হয়েছি।’
আওয়ামী লীগের প্রার্থী নূর উদ্দীন আল মামুন বলেন, ‘শত্রুতা করে সাইফুর রহমান দলের বিদ্রোহী প্রার্থী হয়েছেন। এখন তিনি মরিয়া হয়ে উঠেছেন। প্রতিদিন তাঁরা অস্ত্র নিয়ে গণসংযোগে বের হচ্ছেন। অস্ত্রের মহড়া দিয়ে সাইফুর ও তাঁর লোকজন সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছেন। তবে নৌকার অনুসারীরা আমাকে ভোট দিলে কোনো ধরনের নোংরামি আমাকে পরাজিত করতে পারবে না।’
অভিযোগ অস্বীকার করে সাইফুর রহমান বলেন, ‘নূর উদ্দীন এলাকায় চাঁদাবাজ হিসেবে পরিচিত। এলাকার চিহ্নিত খুনের মামলার আসামিদের নিয়ে তিনি গণসংযোগে বের হচ্ছেন। তাঁর লোকজনের কাছে সব সময় অবৈধ অস্ত্র থাকে। তাঁদের ভয়ে সরকার অনুমোদিত অস্ত্রটি আমাকে সঙ্গে রাখতে হচ্ছে।’ তিনি বলেন, ‘গতবার নির্বাচনে মাত্র এক হাজার ভোটের ব্যবধানে আমি বিএনপির প্রার্থীর কাছে হেরেছিলাম। আমি ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। জেলা আওয়ামী লীগের দ্বন্দ্বের শিকার হয়ে দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছি।’
চৌগাছা উপজেলার সুকপুকুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোতা মিয়া বলেন, ‘চৌগাছার নির্বাচনে আওয়ামী লীগের শত্রু এখন আওয়ামী লীগ। শেষমেশ দুজনের মধ্যে কেউ পাস করবে না। মাঝখান দিয়ে প্রতিপক্ষ রাজনৈতিক শক্তির কেউ বেরিয়ে যেতে পারে। এ কারণে কারও পক্ষে ভোটে নামতে ইচ্ছে করছে না।’
পাতিবিলা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম মিয়া বলেন, ‘নির্বাচনে মাঠে নামার ব্যাপারে আমরা খুব সমস্যার মধ্যে আছি। দলীয় প্রার্থী নূর উদ্দীনকে এলাকার মানুষ ততটা চেনে না।’